নারী দিবসে বাধা ডিঙানোর গল্প শোনালেন ক্রীড়াঙ্গনের ৪ নারী
পরিবারের মানসিকতা ও পারিপার্শ্বিক পরিবেশের পরিবর্তন ঘটিয়ে ক্রীড়া ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানো সম্ভব বলে মনে করছেন ক্রীড়া অঙ্গনের নারী তারকরা।
বুধবার রাজধানীর বনানী বার্গার কিং আউটলেটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের এই নারীরা তাদের সাফল্যের পিছনে থাকা নানা প্রতিবন্ধকতার অতিক্রমের গল্প নিয়ে হাজির হন।
অনুষ্ঠানে বাধা পেরোনের গল্প শুনান সাঁতারু মাহফুজা খাতুন শিলা, দৌড়বিদ শিরিন আকতার, টেনিস খেলোয়াড় আফরানা ইসলাম প্রীতি ও তীরন্দাজ হিরা মনি।
গত সাউথ এশিয়ান গেমসে ৫০ ও ১০০ মিটার সাঁতারে স্বর্ণপদক অর্জনকারী মাহফুজা খাতুন শিলা বলেন, “আমাদের এখানে আসার পথটা সহজ ছিল না, জীবন যুদ্ধে লিপ্ত থেকেও খেলাধুলা চালিয়ে গিয়েছি।”
যশোরের নোয়াপাড়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক সাঁতারের অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার কথা কখনো কল্পনাও করেননি বলে জানান তিনি।
“সাঁতার যে একটা খেলা হতে পারে এবং এই খেলা মেয়েরা খেলতে পারে, তা আমার অঞ্চলের মানুষ ভাবতেও পারত না।”
নারী দিবসের অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনে সফল চার নারী
জন্মের পর পরিবারে অনাকাঙ্ক্ষিত ছিলেন বলে জানান বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আকতার।
“বাবা মা পুত্র সন্তান চেয়েছিল, কিন্তু যখন দেখে মেয়ে হয়েছে, তাও আবার শ্যামলা বর্ণের, হতাশ হয়েছিলেন।”
টানা চারবার দেশের দ্রুততম মানবীর খেতাব জেতা সাতক্ষীরার দাহাকুলা গ্রামের শিরিন আক্তারের ট্যালেন্ট হান্টের মধ্য দিয়ে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে পড়ার সুযোগ মিললেও বাবা ভর্তি হতে দিতে চায়নি।
পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা ডিঙানোর গল্প শোনাচ্ছেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা
ট্যালেন্ট হান্টের মাধ্যমে বিকেএসপিতে পড়ার সুযোগ মিললেও টানা চারবার দেশের দ্রুততম মানবীর খেতাব জেতা শিরিন আক্তারকে ভর্তি হতে দিতে চাননি তার বাবা।
আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে মহিলা এককে স্বর্ণপদক অর্জনকারী হিরা মনিও বাবা-মা ও পারিপার্শ্বিক পরিবেশ থেকে নারী খেলোয়াড়রা প্রতিবন্ধকতার সম্মুখীন হন বলে জানান।
চার ভাই বোনের মধ্যে তৃতীয় হিরা একরকম বাবার অবাধ্য হয়েই বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন বলেও জানান।
অনূর্ধ্ব ১৪ টেনিস চ্যাম্পিয়নে এক সময়ের দেশ সেরা বাগেরহাট সদরের মেয়ে প্রীতির কণ্ঠেও খেলোয়াড় হয়ে ওঠার পেছনে পরিবারের অসহযোগিতার কথা উঠে আসে।
“বাবা-মা খেলাধুলা করার ব্যাপারে আগ্রহী ছিলেন না, বলেছিলেন, ‘এর ফল ভাল হবে না’। মেয়ে হয়ে আমি কতটুকুই বা করতে পারব এমন সন্দেহ করতেন তারা।”
‘বাঁধাকে বাঁধা মনে করে থেমে গেলে’ নারীরা নিজেদের জায়গা করে নিতে পারব না বলে মনে করেন আন্তর্জাতিক পর্যায়ের একটি আর্চারি চ্যাম্পিয়নশিপে মহিলা এককে স্বর্ণপদক অর্জনকারী হিরা মনি।
‘মেয়ে হয়ে ক্রীড়াঙ্গনে সফল’ হতে পারবেন কিনা সেই সংশয় ছিল অনূর্ধ্ব ১৪ টেনিস চ্যাম্পিয়নে এক সময়ের দেশ সেরা আফরানা ইসলাম প্রীতির বাবা-মায়ের
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেঞ্চমার্কের সিইও আশরাফ কায়সার ও বার্গার কিং বাংলাদেশের হেড অব রেস্টুরেন্ট অপারেশনস কাজী তানভীর আকতার উপস্থিত ছিলেন।
