পাট গবেষণা ইনস্টিটিউট বিল সংসদে উত্থাপন
কৃষি ও কারিগরি গবেষণার মাধ্যমে পাট ও পাট জাতীয় ফসলের উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনসহ পাটের বহুমুখী ব্যবহারের লক্ষ্যে প্রযুক্তি উদ্ভাবন ও আনুষঙ্গিক বিষয়ে গবেষণার জন্য নতুন আইন করার প্রস্তাব সংসদে উঠেছে।
১৯৭৪ সালের ‘বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট অ্যাক্ট’ বাতিল করে নতুন আইন করতে ‘বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭’ বুধবার সংসদে উত্থাপন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
পরিবেশ সুরক্ষায় বিশ্বজুড়ে পাটজাত পণ্য ব্যবহারের গুরুত্ব বাড়ার মধ্যে বাংলাদেশ সরকার এই আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
১৯৭৪ সালের আইনটি পরিমার্জন করে বাংলায় নতুন আইন করতে গত বছরের জুলাই মাসে বিলটি মন্ত্রিসভার অনুমোদন পায়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ইনস্টিটিউট পাট ও সমশ্রেণির আঁশ ফসলের কৃষি, কারিগরি ও অর্থনৈতিক গবেষণা নিয়ন্ত্রণ, উন্নয়ন ও পরিচালনা এবং আঁশজাত ফসল উৎপাদন এবং গবেষণার ফলাফল সম্প্রসারণ করবে।
সরকারের অনুমোদন নিয়ে ইনস্টিটিউট বাংলাদেশের যে কোনো স্থানে আঞ্চলিক কেন্দ্র ও উপকেন্দ্র স্থাপন করতে পারবে।
ইনস্টিটিউট পাট ও সমশ্রেণির আঁশ ফসল, পাটজাত পণ্য ও আনুষঙ্গিক বিষয়ে গবেষণার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পাইটলট প্রকল্পও করতে পারবে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ইনস্টিটিউট পরিচালনার জন্য ১৭ সদস্য বিশিষ্ট বোর্ড থাকবে। ইনস্টিটিউটের মহাপরিচালক বোর্ডের চেয়ারম্যান হবে। মহাপরিচালককে নিয়োগ দেবে সরকার।
বিলে আরও বলা হয়েছে, পাট সম্পর্কিত উদ্ভূত কোনো সমস্যা নিরসন বা পাটের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কোনো প্রযুক্তি বা কৌশল উদ্ভাবনের জন্য ইনস্টিটিউট সরকারের অনুমোদন নিয়ে গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ করতে পারবে।
প্রস্তাবিত আইনের উদ্দেশ্য কারণ সম্পর্কে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, ১৯৭৪ সালে ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর তিনবার আইনটি সংশোধন করা হয়। সর্বশেষ সামরিক শাসনামলে ১৯৮৩ সালে এটি সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়।
