শাহজালালে ৩০০ গ্রাম সোনাসহ যাত্রী আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে তল্লাশি করে পায়ুপথে লুকানো তিনশ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।
আটক মো. সানা উল্লাহর (৪২) বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। বুধবার ভোরে কুয়ালালামপুর থেকে ইউএস বাংলা এয়ারলায়েন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় নামেন।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা সানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি পায়ুপথে সোনা রাখার কথা স্বীকার করেন।
আটক সোনার দাম আনুমানিক ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন মইনুল। এ ঘটনায় সানার বিরুদ্ধে শুল্ক আইনে মামলা হয়েছে।
