শাহজালালে বিপুল বিদেশি সিগারেট ও শাড়ি জব্দ
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতভর অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, কুয়েত এয়ারলাইন্সের ফ্লাইট কেইউ ২৮৩ এ আসা মো. সেলিম মিয়া নামের এক যাত্রীর কাছ থেকে ২২৩ কার্টন সিগারেট জব্দ করা হয়।
এছাড়া বিমানবন্দরের ৪, ৬ ও ৮ নম্বর ব্যাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় আরও ৫৫৫ কার্টন সিগারেট।
মঙ্গলবার রাতে মধ্যপ্রাচ্য থেকে আসা এমিরেটস, এয়ার আরাবিয়া, গালফ এয়ারের বিভিন্ন ফ্লাইটে এসব ব্যাগেজ শাহজালালে আসে বলে জানান তিনি।
মইনুল খান বলেন, “এসব কার্টনে এক লাখ ৫৫ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট ছিল। মোট ১২টি ব্যাগেজে করে আনা হয়েছে এসব সিগারেট।”
আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীবার্তা লেখা থাকতে হয়। পণ্যের শুল্ক করসহ হিসাব করলে জব্দ পণ্যের দাম প্রায় ৪৭ লাখ টাকা হবে বলে মইনুল খান জানান।
তিনি জানান, কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৯৬ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা হয়েছে ২০৭টি ভারতীয় শাড়ি। শুল্ককরসহ এসব শাড়ির দাম প্রায় ১৫ লাখ টাকা।
