জাতীয় নির্বাচন নিয়ে ‘রোডম্যাপ করছে’ ইসি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী দুই বছরের যাবতীয় কার্যক্রম নিয়ে একটি ‘রোডম্যাপ’ তৈরি করছে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন।
এতে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে আলোচনার প্রস্তাব রাখা হচ্ছে বলে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন।
আগারগাঁয়ে নির্বাচন ভবনে সোমবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বর্তমান ইসির সামনে বড় ইস্যু হচ্ছে একাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনটি করতে আগামীতে কী কী করণীয় রয়েছে, কাজগুলো কত দিনের মধ্যে করতে হবে-তার জন্য একটি চেকলিস্ট প্রণয়ন করা হচ্ছে।
“এটা হচ্ছে একটা রোডম্যাপ, যার ভিত্তিতে নির্বাচনের প্রস্তুতি শেষ করা হবে।”
২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে (২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারি) একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসে ওই রূপরেখা তৈরির কাজ চলছে জানিয়ে সচিব বলেন, কমিশন প্রস্তাবিত বিষয়গুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে।
মার্চের মধ্যেই কর্ম-পরিকল্পনা চূড়ান্ত করে ইসির অনুমোদন নেওয়া হবে বলে জানান তিনি।
কর্মপরিকল্পনায় ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস, চূড়ান্ত ভোটার তালিকা মুদ্রণ ও আলোচনার জন্য সম্ভাব্য সূচি থাকবে। সেই সঙ্গে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করে কাজ শেষ করার বিষয়টি অগ্রাধিকার পাবে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “ইসি সচিবালয়ের পক্ষ থেকে রাজনৈতিক দল, গণমাধ্যমসহ সকল স্টেকহোল্ডারের মতামত নেওয়ার প্রস্তাবনা থাকবে। তবে সিদ্ধান্ত নেওয়ার মালিক নির্বাচন কমিশন।”
