২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয় বাংলা কনসার্টে’ মাতল আর্মি স্টেডিয়াম

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের দিন জমকালো ‘জয় বাংলা কনসার্টে’ তরুণ প্রজন্মের কাছে ফিরে এসেছে একাত্তরের যুদ্ধদিনের গান; স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের পাশাপাশি হালের বাংলা গানে কণ্ঠ মিলিয়ে মনমাতানো সময় পার করেছেন তারা।

মাসুম বিল্লাহ

জয়ন্ত সাহা, রিফাত রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2017, 09:14 PM

Updated : 11 Oct 2022, 01:34 PM

ঢাকার আর্মি স্টেডিয়ামে মঙ্গলবার এ কনসার্ট আয়োজন করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়ংবাংলা।

বিকাল পৌনে ৪টার দিকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এই কনসার্ট চলে রাত মধ্যরাত সাড়ে ১২টা অবধি।

এই কনসার্টেই ফিরে এসেছে একাত্তরের যুদ্ধদিনে অনুপ্রেরণা যোগানো চারটি গান ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে শোনরে তোরা শোন’, ‘রক্ত চাই রক্ত চাই’ ও ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’; পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বেতারের কার্যালয়ে হানায় হারিয়ে গিয়েছিল এসব গান।

ওই গানগুলোয় সুর দেওয়া সংগীত পরিচালক সুজেয় শ্যামের কাছ থেকে নিয়ে গানগুলো গেয়ে শোনায় চারটি ব্যান্ড।

কনসার্টে অংশ নেওয়া আটটি ব্যান্ড দল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের পাশাপাশি নিজেদের গান গেয়ে শোনায়। এরসঙ্গে পরিবেশনায় দেশাত্ববোধকে তুলে ধরার চেষ্টা ছিল তাদের মধ্যে।

রাতে আয়োজনের এক পর্যায়ে দেখানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের সেই ভাষণের রঙ্নি সংস্করণ; যে ভাষণকে কেন্দ্র করে ছিল কনসার্টের আয়োজন।

শুরুতে জাতীয় সঙ্গীতের পর মঞ্চে আসে মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের প্রতিষ্ঠিত ব্যান্ড ‘স্পন্দন ৭২’। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘জয়বাংলা বাংলার জয়’ গানের পাশাপাশি নিজেদের দুটি গান গেয়ে শোনায় তারা।

‘ওঠো বীর বাঙালি’ গান দিয়ে শুরু করে ‘তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’সহ কয়েকটি গান ছিল তাদের পরিবেশনায়।

এরপর আরবোভাইরাসের শিল্পীরা ‘সইব না সইব না মোরা জন্মভূমির অপমান’সহ কয়েকটি গান শোনানোর পর দেখানো হয় ইয়ংবালার কার্যক্রমের একটি প্রামাণ্যচিত্র।

তারপর ‘`শত আশা’ গানটি দিয়ে পরিবেশনায় আসে ব্যান্ড দল শূন্য। এরপর তারা গেয়ে শোনায় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গান ‘জয় বাংলা বাংলার জয়’।

Image
.

.

ব্যান্ডটির পরিবেশিত ‘সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর’ গানে কণ্ঠ মেলাতে আসেন শিল্পী এলিটা করিম। তিনি অনুষ্ঠানে উপস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত পরিচালক সুজেয় শ্যামকে উদ্দেশ করে বলেন, “ওনাদের মতো লোকেরা আমাদের উজ্জীবিত হওয়ার এ পথ তৈরি করে দিয়েছেন।”

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গান ছিল নেমেসিস ব্যান্ডের পরিবেশনায়।

‘জন্ম আমার ধন্য হলো মা’ দিয়ে গান গাওয়া শুরু করে ‘শিরোনামহীন’। ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানের পর ব্যান্ডটির ভোকাল তুহিন নিজের ফোনের রেকর্ড থেকে সাতই মার্চের ভাষণ শোনান।

ওই ভাষণ চলার সময় গিটার ও কি-বোর্ডে সুর তোলেন তুহিনের সহশিল্পীরা। এরপর দলটি গেয়ে শোনায় তাদের জনপ্রিয় গান ‘বুলেট কিংবা কবিতা’।

শিরোনামহীন তাদের ‘আবার হাসিমুখ’ গান পরিবেশনের পর আবারও গিটার ও কি-বোর্ডের তালে তালে নাচিয়ে তোলেন দর্শক-শ্রোতাদের।

এরপর শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়ের কণ্ঠে কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল’ আবৃত্তির পর প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুর ভাষণের রঙিন সংস্করণ।

ওই ভাষণ নিয়ে কনসার্টে আসা মুক্তিযোদ্ধা রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ভাষণই আমার মত হাজারো তরুণদের যুদ্ধ করার মনোবল দিয়েছিল। এই কনসার্টে সেই ভাষণ রঙিন হয়ে ফিরে এসেছে। আবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জাগরণী গানগুলো ভিন্নভাবে, নতুন করে উপস্থাপন করা হচ্ছে দেখে ভালো লাগছে।”

এবারের কনসার্টে ‘নতুন করে আসা’ যুদ্ধদিনের গান ‘রক্ত চাই রক্ত চাই, অত্যাচারী রক্ত চাই’ পরিবেশন করেন লালন ব্যান্ডের শিল্পীরা। ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’সহ লালন শাহ’র কয়েকটি গানেও দর্শকদের মুগ্ধ করেন তারা।

গিটারে জাতীয় সঙ্গীতের সুর তুলে শুরু হয় চিরকুট ব্যান্ডের পরিবেশনা। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানে মোহাবিষ্টতা ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামে।

মঞ্চের ব্যাকড্রপে দেখানো হয় বাংলাদেশের ঐহিত্যবাহী নানা স্থান ও বাঙালির জীবনপ্রণালীর নানা চিত্র। গানের শেষে তাদের ভোকাল সুমী জাতীয় পতাকা উড়াতে থাকেন দর্শকদের সামনে।

এরপর জাতীয় পতাকার দিকে স্যালুট জানাতে বললে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক-শ্রোতা ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত পতাকার প্রতি শ্রদ্ধা জানান।

তরুণদের কাছে জনপ্রিয় ওয়ারফেজ ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে রাত সাড়ে ১২টার দিকে শেষ হয় কনসার্ট।

এই কনসার্ট উপলক্ষে পুরো স্টেডিয়াম ছিল দর্শক-শ্রোতায় পরিপূর্ণ, যাদের অধিকাংশই ছিলেন তরুণ-তরুণী।

তরুণদের সারিতে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্রি সায়মা ওয়াজেদ হোসেন, দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও। রাত সাড়ে ১১টা পর্যন্ত তাদের দর্শকসারিতে দেখা যায়।

অন্যদের মধ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাংসদ নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন কনসার্টে।

বিভিন্ন টেলিভিশনের পাশাপাশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটেও কনসার্ট সরাসরি সম্প্রচার করা হয়।