দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দুদকের
দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক লাইন পরিচালক মো. আনোয়ারুল ইসলাম খানসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‘মাতৃ ও শিশু মৃত্যুরোধে জরুরি প্রসূতি সেবা ও স্বাস্থ্য উন্নয়ন’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ক্যাম্পেইন না করে ওই অর্থ আত্মসাতের মামলায় মঙ্গলবার দুদক অভিযোগপত্র অনুমোদন করে বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
মামলার অন্য আসামি হলেন গণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল সাত্তার ভুঁইয়া।
আসামি আনোয়ারুল ইসলাম খান অন্য আসামি আব্দুস সাত্তার ভূইঁয়ার সহায়তায় ঠিকাদারের হিসাবের মাধ্যমে ব্যাংক থেকে চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন বলে তিনি জানিয়েছেন।
এই অভিযোগে ২০১৩ সালের ২ জানুয়ারি মামলা করা হয়, এরপর দুদকের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ মামলাটি তদন্ত করেন।
