জাতীয় সঙ্গীতে শুরু জয় বাংলা কনসার্ট
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক সাতই মার্চের জয় বাংলা কনসার্ট।
ঢাকা আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফর্মেশন (সিআরআই) ইয়ং বাংলা প্ল্যাটফর্ম।
১৯৭১ সালে স্বাধীনতার ডাক দেওয়ার দিনটি স্মরণে রাখতে গত দুই বছর ধরে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে।
মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিটে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত পরিবেশনায় মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। গোটা আর্মি স্টেডিয়ামের দর্শক-শ্রোতারা তাদের সঙ্গে কণ্ঠ মেলান।
বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের প্রতিষ্ঠিত ‘স্পন্দন ৭২’ এর মাধ্যমে গানের পরিবেশনা শুরু হয়েছে। জয় বাংলা বাংলার জয়- দিয়ে পরিবেশনা শুরু করেন তারা।
কনসার্টকে ঘিরে ইতোমধ্যে আর্মি স্টেডিয়ামের প্রবেশমুখে দীর্ঘ সারিতে প্রবেশ করছেন নানাবয়সী শ্রোতারা, যার বেশিরভাগই তরুণ-তরুণী।
প্রবেশমুখে দুই দফায় তল্লাশিও তাদের আগ্রহ-উচ্ছ্বাসে ভাটা পড়তে দেখা যায়নি।
স্টেডিয়ামের গ্যালারি ও মাঠ অনেকটাই পূর্ণ হয়ে যায় কনসার্ট শুরুর আগেই।
কনসার্টকে সামনে রেখে মাঠে নিজেদের প্রকাশনার প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা রেখেছে সিআরআই ও ইয়ংবাংলা।
স্টেডিয়ামের বাইরে রাস্তায় বড় বড় বিলবোর্ডে রয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের সংবাদপত্রের প্রদর্শনী, ভেতরের হোর্ডিংয়েও আছে নানা ঐতিহাসিক ঘটনা ও সংবাদপত্রের প্রদর্শনী।
কনসার্ট দেখতে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনী সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও নাতি রাদওয়াদ মুজিব সিদ্দিক ববি।
মাঠে রয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাংসদ নাহিম রাজ্জাকসহ অনেকে।
কনসার্টে গান গাইবে ওয়ারফেইজ, চিরকূট, আর্বোভাইরাস, লালন, ক্রিপটিকফেট, নেমেসিস, শিরোনামহীন ও শূন্য। নিজেদের গান ছাড়াও এবারের কনসার্টে ব্যান্ডদলগুলো গাইবে স্বাধীনবাংলা বেতারকেন্দ্রের গানগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটে কনসার্টটি সরাসরি দেখানো হচ্ছে।
সেলফি কনটেস্ট
কনসার্টের ঘোষক মারিয়া নূর ও ইরেশ যাকের দর্শকদের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি সেলফি কনটেস্টেরও ঘোষণা দেন।
সেলফি কনটেস্টে অংশ নিতে কনসার্ট থেকে তোলা সেলফি ‘জয়বাংলা’ হ্যাশট্যাগ দিয়ে ফেইসবুকে আপলোড করতে বলা হয়েছে।
মারিয়া নূর রজানান, সেখান থেকে ১০ জন সেলফিদাতাকে বাছাই করা হবে লটারির মাধ্যমে, যারা কনসার্টে অংশ নেওয়া ব্যান্ডগুলোর মধ্য থেকে প্রিয় ব্যান্ডের সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন।
