২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট নিয়ে সন্তোষ ইসির

১৪টি উপজেলা ও চার পৌরসভায় ভোটার উপস্থিতি কম হলেও কোনো গোলযোগ না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 11:43 PM

Updated : 11 Apr 2022, 11:08 PM

নতুন নির্বাচন কমিশনের অধীনে এটাই ছিল একসঙ্গে একাধিক স্থানে প্রথম নির্বাচন। সোমবার এই পৌরসভা ও উপজেলাগুলোতে বিভিন্ন পদে ভোট গ্রহণ হয়।

গোলযোগহীনভাবে ভোট শেষ হওয়ার পর ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, “কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো অভিযোগও আসেনি। কোথাও নির্বাচনী পরিস্থিতিরও অবনতি হয়নি। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে।”

নতুন ইসির প্রথম এই বড় নির্বাচনে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল বলে জানান সচিব।

ভোট নিয়ে বিএনপির বরাবরের অভিযোগের বাইরে কোনো অভিযোগ আসেনি।

নির্বাচনে কয়েকটি স্থানে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন বিএনপির প্রার্থী, এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী তৃতীয় হয়েছেন। খাগড়াছড়ির গুইমারায় স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হয়েছেন।

বরিশালের বানারীপাড়া ও গৌরনদী, ‍কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর, পটুয়াখালীর রাঙ্গাবালীতে আওয়ামী লীগের প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

নীলফামারীর জলঢাকায় জামায়াতে ইসলামীর নেতা ফয়সাল মুরাদ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দলের নিবন্ধন না থাকায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় উপজেলা পরিষদের তিনটি পদেই ভোট হয়। বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুমিল্লার আদর্শ সদর, পাবনার সুজানগর ও কিশোরগঞ্জের হোসেনপুরে ভোট হয় শুধু চেয়ারম্যান পদে।

নাটোরের বড়াইগ্রাম, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জে ভোট হয় ভাইস চেয়ারম্যান পদে। শুধু নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হয় পাবনার ঈশ্বরদীতে।

চার পৌরসভার মধ্যে পটুয়াখালীর গলাচিপায় মেয়র পদে, টাঙ্গাইলের সখীপুরের ২ নম্বর সাধারণ ওয়ার্ডে, রাজশাহীর আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এবং শেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হয়।

গলাচিপায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী।

ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকার বিষয়টি স্বীকার করে ইসি সচিব বলেন, “যেহেতু উপজেলা নির্বাচন, আবার এর মধ্যে উপ-নির্বাচন ছিল বেশি, তাই ভোটার উপস্থিতিও কম হয়েছে।”

৩০ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করেন তিনি।

মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আসছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক। রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশ নেওয়ার পাশাপাশি সচেতন ভোটারদের উপস্থিতিও থাকবে।”

পুরনো খবর:

‘ইমেজ তৈরি’র ভোটের সামনে নতুন ইসি