একুশে অগাস্ট মামলায় কাহার আকন্দের পরবর্তী জেরা ১৫ মার্চ
একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দকে জেরার জন্য ১৫ মার্চ পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে বসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন সোমবার এই দিন ঠিক করেন।
এদিন আসামিদের মধ্যে সাবেক পুলিশ সুপার আব্দুর রশীদ, সিআইডির সাবেক সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান এবং তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিনের পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ হয়।
তাদের পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার এবং মোহাম্মদ আহসান।
জেরা শেষ বিচারক পরবর্তী তারিখ ১৫ মার্চ ঠিক করেন বলে জানান এ ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের কৌশুলি আবু আবদুল্লাহ ভূইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিএনপি আমলে এ সব আসামিরা রাষ্ট্রীয় পদস্থ কর্মকর্তা ছিলেন বলে আওয়ামী লীগ আমলে প্রতিহিংসার কারণে তাদের আসামি করা হয়েছে কিনা এসব প্রশ্ন আসে জেরায়।
একুশে অগাস্ট হামলার ঘটনায় দায়ের হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ বিশেষ সুপার কাহার আকন্দ সম্পূরক হিসেবে সর্বশেষ অভিযোগপত্র আদালতে জমা দিয়েছিলেন। তিনি ছিলেন এ দুই মামলার চূড়ান্ত তদন্ত কর্মকর্তা।
গত বছরের ২৪ সেপ্টেম্বর থেকে কাহার আকন্দ জবানবন্দি দেওয়া শুরু করার পর ৩১ অক্টোবর তা শেষ হয়; এরপর ১ নভেম্বর থেকে আসামিদের পক্ষে তার জেরা শুরু হয়। এখনও চলছে রাষ্ট্রপক্ষের এই সাক্ষীর জেরা।
মামলাটিতে আসামি খালেদা জিয়ার ভাগ্নে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউক, প্রাক্তন আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।
অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৪ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক।
এ মামলার আরেক আসামি জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েকশ মানুষ। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সেদিন অল্পের জন্য বেঁচে যান।
