হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ
হাজারীবাগের সকল ট্যানারি কারখানা অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে হাই কোর্টে। এসব কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগও আদালত বিচ্ছিন্ন করতে বলেছে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে। এ কাজে পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা দিতে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, আইজিপি ও ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই আদেশ বাস্তবায়ন করে আগামী ৬ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে।
এছাড়া হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ বন্ধে সরকারের বিভিন্ন অধিদপ্তরের কাছ থেকে কেমন সহযোগিতা মিলছে, সে বিষয়ে শিল্প মন্ত্রণালয়কে আরেকটি প্রতিবেদন দিতে বলা হয়েছে একই সময়ের মধ্যে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
আদালতে বেলার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী। শিল্প মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন রইস উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, সর্বশেষ ২০১০ সালের অক্টোবরে ছয় মাস সময় দিয়েছিল হাই কোর্ট। সে অনুসারে ২০১১ সালে ৩০ এপ্রিলের পর হাজারিবাগে কোনো ট্যানারি চালানোর অনুমোদন নেই। এরপরও সরকার চলতি বছরের ৩১ মার্চ পযন্ত সময় দিয়েছে।
“সময় বাড়ানোর ক্ষেত্রে সরকার আদালতের অনুমতি নেয়নি। ফলে সরকারের সময় বৃদ্ধির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জানুয়ারিতে আমরা এই আবেদন করি। এ আবেদনের শুনানি নিয়ে আদালত হাজারীবাগের সকল ট্যানারি অবিলম্বে বন্ধ এবং কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ দিয়েছে।”
ঊনিশশ চল্লিশের দশকে নারায়ণগঞ্জে দেশের প্রথম ট্যানারি শিল্প গড়ে ওঠে। অল্প দিনেই এ শিল্পের পরিসর বাড়তে থাকায় ৫০ এর দশকে তখনকার পূর্ব পাকিস্তান সরকার এ শিল্পকে হাজারীবাগে সরিয়ে নেয়।
এই শিল্প বাণিজ্যিক সাফল্য পেলেও ১৯৮৬ সালে তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ‘সবচেয়ে বেশি দূষণকারী’ শিল্পখাত হিসাবে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোকে ‘লাল’ ক্যাটাগরিভুক্ত করে।
এসব শিল্প প্রতিষ্ঠানের দূষণ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর, বন ও পরিবেশ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে সরকার ওই বছর ৭ অগাস্ট পরিপত্র জারি করে। দূষণ মোকাবেলায় কার্যকর সরঞ্জাম ছাড়া নতুন কোনো কারখানা যাতে চালু হতে না পারে সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয় পরিপত্রে।
দূষণ বন্ধে নানা সরকারি উদ্যোগের মধ্যে ২০০১ সালে নির্দেশনা আসে উচ্চ আদালত থেকেও। সাভারে চামড়া শিল্পনগরী করে সেখানে ট্যানারিগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় সরকার।
সেই সিইটিপি শেষ পর্যন্ত চালু হয় গতবছর জানুয়ারিতে। এই দীর্ঘ সময়ে টানারি সরাতে কারখানা মালিকদের তাগিদ দেওয়া হয়েছে বহুবার।
ছোট-বড় মিলিয়ে হাজারীবাগের যে ১৫৫টি ট্যানারির সাভারে যাওয়ার কথা, তার মধ্যে ২৮টির মালিককে গত জানুয়ারিতেও উকিল নোটিস পাঠিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ট্যানারি স্থানান্তরের নির্দেশনা না মানায় দশ কারখানার মালিককে গত ২৩ মার্চ তলব করেছে হাই কোর্ট।
মালিকদের গড়িমসিতে ক্ষুব্ধ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতবছর কারখানাগুলোকে হাজারীবাগ ছাড়তে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন; কিন্তু কাজ হয়নি তাতেও। ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়ার পরও ট্যানারি না সরায় হাজারীবাগে কাঁচা চামড়ার প্রবেশ ঠেকাতে পুলিশি পাহারা বসানো হয়।
পরে মালিকদের সঙ্গে আলোচনা করে প্রথমে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং পরে ২০১৭ সালের চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় দেয় সরকার।
কারখানাগুলো না সরায় ১৫৪টি ট্যানারিকে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন প্রতিদিন ১০ হাজার টাকা জরিমানাও করেছে সর্বোচ্চ আদালত।
আদালত এ বিষয়ে জানতে শিল্প মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে তলব করে। পরে একজন কর্মকর্তা আদালতে হাজির হয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন।
শিল্প মন্ত্রণালয়ের আইনজীবী রইস উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “আমরা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেদন দিয়ে জানিয়েছি, ৪৩টি ট্যানারি সাভারে স্থান্তর করা হয়েছে। এছাড়া গত ৩১ জানুযারি শিল্প মন্ত্রণালয় হাজারিবাগে কাঁচা চামড়া প্রবেশে বন্ধে বিভিন্ন অধিদপ্তরের কাছে সহযোগিতা চায়। সরকারের এসব অধিদপ্তর থেকে শিল্প মন্ত্রণালয় কতটুকু সহযোগিতা পাচ্ছে সে বিষয়ে একটি প্রতিবেদন আগামী ৬ এপ্রিল দিতে বলেছে আদালত।”
আগামী ১০ এপ্রিল এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে বলে জানান এ আইনজীবী।
