চিত্রকর্মে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও এদেশের প্রকৃতি-মানুষের কথা নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শনী।
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি-৬ এ প্রদর্শনীর আয়োজন করেছে ‘সমতট বাংলাদেশ’ নামে একটি সংগঠন।
শনিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৭ মার্চ পর্যন্ত, অর্থাৎ বঙ্গবন্ধুর জন্মদিন পর্যন্ত।
গ্যালারিতে ঢুকতেই নজরে পড়ে সুমন ওয়াহিদের ‘ফাদার অব দ্য নেশন’ চিত্রকর্মটি। লাল-সবুজের ক্যানভাসে বঙ্গবন্ধুর সিরিজ চিত্র তিনি এঁকেছেন অ্যাক্রেলিক অন ক্যানভাসে। রব্বানী শামীমের ক্যানভাসে উঠে এসেছে ঐতিহাসিক ৭ মার্চের প্রেক্ষাপট। আলপ্তগীনের তুষারের ‘বঙ্গবন্ধু’র চিত্রে ফুটে উঠেছে প্রজ্ঞাবান এক নেতার কথা। বঙ্গবন্ধুকে নিয়ে ব্রতী হয়েছেন আবদুস সাত্তার তৌফিক, কামাল উদ্দিন, দুলাল চন্দ্র গাইন, শহীদ কাজীরা।
শিল্পীরা ব্রতী হয়েছেন মুক্তিযুদ্ধকালীন নানা প্রেক্ষাপট নিয়ে।
রণাঙ্গনে গিয়েছে স্বামী আর ভাইয়েরা, তাদের পথ চেয়ে থাকে গাঁয়ের বধূ। একদিন আসে হায়েনারা। তাকে বেঁধে নিয়ে যায় ক্যাম্পে। বোনের অপমানের বদলা নিতে মরিয়া হয়ে উঠে ভাইয়েরা। তাদের গেরিলা আক্রমণে ধ্বংস হয় ক্যাম্প। বোনের নিথর দেহ নিয়ে ফিরতি পথে ভাইদের আর্তনাদ মিলায় বিজয় উল্লাসে।
সমরজিৎ রায় চৌধুরীর ‘ওয়ার অব লিবারেশন’ শিরোনামের সিরিজ চিত্রকর্মে উঠে এসেছে মুক্তিযুদ্ধের এই মর্মন্তুদ কাহিনী।ধীরাজ চৌধুরীর ‘বাংলাদেশ’ চিত্রকর্মটি বলছে বাঙালির বিজয় উৎসবের গল্প। ‘ইন্ডিপেনডেন্স’ আর ‘ভিক্টোরি’ চিত্রে একই কথা বলেছেন বীরেন সোমন।
প্রকৃতি নিয়ে শিল্পী মনিরুল ইসলাম এঁকেছেন ‘দ্য নাইট অব উইন্টার’, ‘ড্যান্স অব দ্য লাইনস’ শিরোনামের সিরিজ চিত্রকর্ম। ‘বোটস’ শিরোনামে বাংলার মাঝি-মাল্লাদের কথা বলেছেন সৈয়দ জাহাঙ্গীর, অলক ঘোষ। ঐতিহ্যবাহী হাতপাখার দেখা মেলে সামিনা নাফিজের ‘ট্রেডিশনাল ফ্যান’ সিরিজে । ‘কন্যার সংগীত’ শিরোনামে কৃষিপ্রধান দেশের চিত্র এঁকেছেন হাশেম খান।মোহাম্মদ ইকবালের ‘বাউল’ চিত্রে উঠে এসেছে গ্রামবাংলার লোকজ মোটিফ।
প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে। প্রদর্শনীতে রয়েছে তার আঁকা ১২টি ছবি। অ্যাক্রেলিক অন ক্যানভাসে তিনি এঁকেছেন রণাঙ্গনের বীরত্বগাঁথা। মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাহিনীর পাশাপাশি প্রয়াত এই শিল্পীর ক্যানভাসে উঠে এসেছে নদীমাতৃক বাংলাদেশের কথা। কৃষিপ্রধান গ্রামবাংলার চিত্রটিও তিনি এঁকেছেন পরম মমতায়।
১৭ মার্চ নাগাদ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা সাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখা যাবে।
পথনাটক উৎসব
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বাংলাদেশ পথনাটক উৎসব।
‘সাম্প্রদায়িকতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’ স্লোগান নিয়ে বাংলাদেশ পথনাটক পরিষদ ১ মার্চ শুরু করে সাত দিনের এ উৎসব।
৫ মার্চ উৎসবের পঞ্চম দিনের অনুষ্ঠান শুরু হয় বিকাল সাড়ে ৫টায়।
পথনাটক ‘আমি কিংবদন্তির কথা বলছি’ পরিবেশন করে সিরাজগঞ্জের বিবর্তন নাট্যগোষ্ঠী । নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন কাজী শওকত। বাঙলা নাট্যদল পরিবেশন করে ‘তুই চোর’। মৈত্রী থিয়েটার পরিবেশন করে নাটক ‘ঘাতক’, নির্দেশনা দিয়েছেন নিয়াজ আহমেদ ও আসাদুজ্জামান আসাদ।
এদিন পরিবেশিত হয় রঙ্গপীঠের নাটক ‘খেয়াপাড়ের মাঝি’, লোকনাট্যদলের (বনানী) নাটক ‘পরগাছা’ । নেত্রকোণা থেকে আসা দিলু বয়াতি ও তার দল পরিবেশনা করে ‘মহুয়া সুন্দরী পালা’।
৬ মার্চ পথনাটক পরিবেশন করবে ভিশন থিয়েটার, নাট্যযোদ্ধা, থিয়েটার আর্ট ইউনিট, চৌকষ নাট্য সম্প্রদায় (কুমিল্লা), দৃষ্টিপাত নাট্যদল। বিশেষ পরিবেশনায় থাকবে চাঁপাইনবাবগঞ্জের চাঁপাই গম্ভীরা দল ।
জাতীয় গ্রন্থকেন্দ্রে ‘বইয়ের বন্ধু বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে রোববার সকালে গ্রন্থকেন্দ্র মিলনায়তনে ‘বইয়ের বন্ধু বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র গবেষক ও প্রাবন্ধিক অনুপম হায়াৎ।
প্রবন্ধে তিনি বলেন, “বঙ্গবন্ধুর পাঠস্পৃহা ছিল অপরিমেয়। শিক্ষা জীবনের বাইরে ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনৈতিক জীবন, কারাবন্দি জীবন, হুলিয়া জীবন, মন্ত্রী-প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকাকালীন জীবন, অন্যান্য সময় এবং ১৯৭৫ সালের ১৫ অগাস্ট শহীদ হওয়ার আগ পর্যন্ত বঙ্গবন্ধু ছিলেন বইবান্ধব ও বইপ্রেমী।”
প্রবন্ধের ওপর আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও আগামী প্রকাশনীর মালিক ওসমান গণি।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আক্তারুজ্জামান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মসিউর রহমানের সভাপতিত্বে সেমিনারটি হয়।
