২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু হচ্ছে সাইবার অপরাধ নিয়ে আন্তর্জাতিক কর্মশালা

ঢাকায় শুরু হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ : সাইবার অপরাধ, নিরাপদ ইন্টারনেট ও ব্রডব্যান্ড’ শীর্ষক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক কর্মশালা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 08:34 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

আগামী ৭ মার্চ ঢাকার লো মেরিডিয়ান হোটেলে এ কর্মশালা শুরু হচ্ছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) উদ্যোগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সিটিও মহাসচিব শোলা টেইলর কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মোবাইল ফোন ও টেলিযোগাযোগ অপারেটরদের প্রতিনিধি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির কর্মকর্তারা কর্মশালায় অংশ নেবেন।

দুইদিন ব্যাপী এ কর্মশালায় ৯টি সেশন অনুষ্ঠিত হবে।

কর্মশালায় ইন্টারনেট সুরক্ষা, সাইবার অপরাধ প্রতিরোধে টেলিযোগাযোগ রেগুলেটরের ভূমিকা ও বিশ্বব্যাপী সর্বোত্তম চর্চা, সাইবার অপরাধ তদন্ত ও বিচার নিয়ে আলোচনা হবে।

এছাড়া ওভার দ্য টপ সেবার সুযোগ ও প্রতিবন্ধকতা, সাইবার অপরাধ দমনে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইলফোন অপারেটরদের ভূমিকা, বাংলাদেশে সাইবার অপরাধ দমনে টেলিযোগাযোগ খাতের গৃহীত কৌশলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচিত হবে বলে জানায় বিটিআরসি।