রাষ্ট্রপতিকে বই দিলো যুবলীগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রাসেলের ওপর লেখা কয়েকটি বই রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
রোববার বঙ্গভবনে গিয়ে যুবলীগ কর্তৃক প্রকাশিত বইগুলো রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে তুলে দেন সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় যুবলীগ চেয়ারম্যান প্রকাশিত বইয়ের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতির জনক এবং তার পরিবারের সদস্যদের জীবন ও কর্ম তুলে ধরতে বইগুলো প্রকাশ করা হয়েছে।
“বই প্রকাশের জন্য যুবলীগকে ধন্যবাদ জানিয়ে আবদুল হামিদ বলেন, এখন মানুষ জাতির জনক ও তার পরিবারের সদস্যদের চিন্তা, উন্নয়ন ভাবনা এবং ত্যাগের কথা বইগুলো পড়ে জানতে পারবে।”
জাতির ইতিহাসে যুবলীগ কর্তৃক প্রকাশিত বইগুলো গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
যুবলীগকে অনুসরণ করে অন্যান্য সংগঠনগুলোও ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বই প্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
