ঢাকা অচল করে দেওয়ার হুমকি হকারদের
উচ্ছেদ এবং পুনর্বাসন সমস্যার বিষয় হকারদের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ না নিলে ঢাকা শহর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা মুরশিকুল ইসলাম শিমুল।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত হকার সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্দেশ্যে তিনি বলেন, “সংসদে মাননীয় সাংসদরা বলেছেন হকারদের উচ্ছেদ করা যাবে না। প্রধানমন্ত্রীরও নির্দেশনা আছে পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ না করতে। আপনি নিশ্চয়ই সংসদ এবং প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে যাননি।
“আমরা আপনাকে অনুরোধ করছি প্রধানমন্ত্রী এবং সংসদের বিরুদ্ধে যাবেন না। হকার উচ্ছেদ বন্ধ না করলে আমরা ঢাকা অচল করে দেব।”
২৯ মার্চ হকার মহাসম্মেলনের আগেই হকারদের দাবি মেনে নিতে মেয়রের প্রতি আহ্বান জানান হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হোসাইন। তিনি বলেন, মামলা হামলা করে হকারদের পিছু হটানো যাবে না।
“আগামী ২৯ শে মার্চ ঢাকায় হকারদের মহাসম্মেলন। আশা করব এর আগেই আপনি আপনার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। হকারদের দাবি-দাওয়া মেনে নেবেন।”
ছিন্নমূল হকার সমিতির আবুল কালাম অভিযোগ করেন, চাঁদাবাজ না হয়েও হকার ফেডারেশন নেতা আবুল কাসেমের পরামর্শে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে।
মেয়রকে উদ্দেশ্যে করে তিনি বলেন, “আপনি তদন্ত করে দেখুন আমরা কোথাও চাঁদাবাজি করেছি কি না। এই কাসেম আপনার পিতা মেয়র থাকার সময়ও আর্থিক অনিয়ম করেছিল। ওসমানি উদ্যানে দোকান দেওয়ার কথা বলে হকারদের কাছ থেকে টাকা নিয়ে আপনার পিতাকে বিতর্কিত করেছিল। আপনাকেও সে বিতর্কিত করছে।”
বাংলাদেশ ছিন্নমূল হকার্স লীগের সভাপতি হারুনুর রশিদ অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে হকারদের উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু পুনর্বাসন করা হচ্ছে না।
“আমরা বারবার বলেছি হকারদের তালিকা তৈরি করুন, নীতিমালা তৈরি করুন। হকারদের সুষ্ঠু ব্যবস্থাপনায় আনুন। কিন্তু তা করা হয়নি।”
বেলা সাড়ে ১১টা থেকে প্রেস ক্লাবের সামনে এ মহাসমাবেশ চলে। গুলিস্তান ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন হকাররা। সমাবেশ চলাকালে প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে রাখায় প্রায় সোয়া ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন হকাররা। প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে কদম ফোয়ারা, পল্টন, বায়তুল মোকাররম এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি।
