মেয়াদোত্তীর্ণ বাহনের বিরুদ্ধে অভিযানে সিটি করপোরেশন
বিশ বছরের বেশি পুরোনো মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মেয়র মোহাম্মদ সাঈদ খোকন রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনের সড়কে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই কার্যক্রমের শুরু করেন।
একই সময় মতিঝিল ও ফকিরাপুলে আরও দুটি আদালত অভিযান শুরু করে, বিকাল বিকাল ৪টা পর্যন্ত চলে তাদের কাজ।
অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ১৫ জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৫ জনকে ১ মাস এবং ২ জনকে ১৫দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি বাস এবং একটি হিউম্যান হলার জব্দ করা হয়। বিভিন্ন অপরাধে ৭৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করে ৮৭ হাজার টাকা।
সাইদ খোকন বলেন, পুরনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
“অসচেতন চালকদের বেপরোয়া আচরণ এবং যেখানে সেখানে পার্কিংয়ের কারণে রাজধানীতে যানজট তীব্র আকার নিয়েছে। পুরনো বাসগুলো নাগরিকদের জীবন হুমকির মুখে ফেলেছে। প্রায়ই দুর্ঘটনায় সাধারণ নাগরিক জীবন হারাচ্ছেন।”
পুরনো বাস রাজধানীর রাস্তা থেকে পুরোপুরি উঠে যাওয়া এবং পরিবহন খাতে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত এ অভিযান চলবে বলে জানান মেয়র।
আইন মেনে যানবাহন পরিচালনার জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে সাইদ খোকন বলেন, “পুরোনো ঝুঁকিপূর্ণ বাস রাস্তায় চালাবেন না। যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তাদের দিয়ে গাড়ি চালাবেন না।”
গত ১৫ ফেব্রুয়ারি নগরভবনে বিআরটিএ, ঢাকা মহানগর পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মেয়র এ অভিযান চালানোর সিদ্ধান্ত জানান।
