২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থসাউথ নিয়ে বসুন্ধরা গোষ্ঠীর ‘আর খবর নয়’

নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো সংবাদ, নিবন্ধ ও সম্পাদকীয় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন সংবাদমাধ্যমগুলো প্রকাশ করবে না বলে সমঝোতা হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 02:31 AM

Updated : 11 Oct 2022, 01:34 PM

পুরনো খবর:

বসুন্ধরায় নর্থ সাউথ ছাত্রদের অবরোধ-ভাংচুর
বসুন্ধরায় নিরাপত্তারক্ষীদের পিটুনিতে নর্থসাউথের ছাত্র আহত, বিক্ষোভ

বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তারক্ষীদের হাতে নর্থসাউথের এক ছাত্র আহত হওয়ার পর তার সহকর্মীদের বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশে বাংলাদেশের শীর্ষস্থানীয় এই শিল্পপ্রতিষ্ঠানের মালিকানায় থাকা রেডিও, টেলিভিশন, নিউজ ওয়েবসাইট ও কয়েকটি দৈনিক পত্রিকায় ‘অপপ্রচার’ চালানোর অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষাপটে শনিবার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্যের দপ্তর থেকে জারি করা বিশেষ সার্কুলারে বলা হয়, নর্থসাউথ ও বসুন্ধরা গ্রুপের মধ্যে মৌখিক সমঝোতা অনুযায়ী-

# আহত শিক্ষার্থী শাহরিয়ার হাসনাত তপুর চিকিৎসার পুরো খরচ বসুন্ধরা গ্রুপ দেবে। তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হলে তার খরচও তারা দেবে।  

# বসুন্ধরা গ্রুপ ও এর সংশ্লিষ্ট মিডিয়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নর্থসাউথের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো সংবাদ-নিবন্ধ ও সম্পাদকীয় প্রকাশ করবে না।

# বসুন্ধরা গ্রুপ ও এর সংশ্লিষ্টদের বিরুদ্ধে নর্থসাউথের শিক্ষার্থীরা কোনো মানববন্ধন, সমাবেশ বা বিক্ষোভ করবে না।

# বুধবার থেকে যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে কোনো পক্ষ মামলা করবে না।

# বসুন্ধরা গ্রুপ সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রচার করা অভিযোগের ভিত্তিতে নর্থসাউথের কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে ‘আইন-শৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেবে না’। 

নর্থসাউথের উপাচার্য এ বিষয়ে রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বলবেন বলেও এতে উল্লেখ করা হয়।

গত বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফটকের সামনে মটরসাইকেল রাখা নিয়ে কথা কাটাকাটির মধ্যে নর্থসাউথের বিবিএ’র ষষ্ঠ সেমিস্টারের ছাত্র তপুকে পিটিয়ে আহত করে নিরাপত্তারক্ষীরা।

এই ঘটনার পর গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। পরদিন বসুন্ধরা এলাকায় ছাত্রদের বিক্ষোভের মধ্যে ভাংচুরের ঘটনা ঘটে।

এ নিয়ে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন একটি নিউজ পোর্টালে প্রকাশিত খবরে বিক্ষোভ-ভাংচুরে অংশ নেওয়াদের জঙ্গি আখ্যায়িত করা হয়। তাদের একটি দৈনিকে শিরোনাম করা হয় ‘অপপ্রচার চালিয়ে জঙ্গি তাণ্ডব’। বসুন্ধরার ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের অন্যান্য পত্রিকা ও টেলিভিশনেও একই ধরনের খবর প্রচার করা হয়।

এ নিয়ে সমালোচনা চলছে ফেইসবুকে। তার মধ্যে শনিবার নর্থসাউথ কর্তৃপক্ষ বসুন্ধরার সঙ্গে সমঝোতার খবর জানাল।