২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরায় নিরাপত্তারক্ষীদের পিটুনিতে নর্থসাউথের ছাত্র আহত, বিক্ষোভ

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিরাপত্তারক্ষীদের পিটুনিতে এক সহপাঠী আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 02:57 AM

Updated : 11 Oct 2022, 01:33 PM

বুধবার মধ্যরাতে তাদের বিক্ষোভের কথা জানান ভাটারা থানার এসআই জুলফিকার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বসুন্ধরার সিকিউরিটি গার্ডদের গণ্ডগোল হয়েছে। সিনিয়র অফিসাররা সবাই ওখানে গেছেন।”

ভাটারা থানার ওসি নূরুল মোত্তাকিনকে ফোন করলে রাত ২টার দিকে তিনি বলেন, “ছাত্ররা বিক্ষোভ করছে। তাদের শান্ত করার চেষ্টা করছি।”

আহত শাহরিয়ার হাসনাত তপু নর্থসাউথের বিবিএ’র ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। তাকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তপুর শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলে তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র লাবিব খান জানান।

নর্থসাউথ থেকে পাস করে বের হওয়া কামরুল ইসলাম চৌধুরী ফেইসবুকে আহত তপুর কয়েকটি ছবি শেয়ার করেছেন।

Image
আহত শাহরিয়ার হাসনাত তপু

আহত শাহরিয়ার হাসনাত তপু

ঘটনার বিবরণ দিয়ে কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তপুসহ দুজন রাত ১০টার দিকে বসুন্ধরার ‘অ্যাপোলো’ গেইটে একটি মোটরসাইকেল রাখতে গেলে নিরাপত্তারক্ষীরা তাদের বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির মধ্যে সিকিউরিটি গার্ডরা ওদের উপর হামলা করে।

“তাদের মারধরে তপু খুব আহত হয়। এ খবর শুনে ১০-১৫ জন ছাত্র গেলে তাদেরও মারধর করা হয়। পরে আরও ছাত্র গেলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন তপুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”

তপুকে হাসপাতালে নিয়ে যাওয়া লাবিব জানান, মারধরের কথা শুনে তিনিই প্রথমে ঘটনাস্থলে ছুটে গিয়ে তপুকে পড়ে থাকতে দেখেন।

“গার্ডরা ওকে ঘিরে ধরে পেটাচ্ছিল। সেখানেই তপু তিন-চারবার বমি করে। পুলিশ উপস্থিত থাকলেও গার্ডরা ওকে টেনেহিঁচেড়ে তাদের গাড়িতে তুলে নিতে চাইছিল। তখন আমি ওকে উদ্ধার করে রিকশায় তুলে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসি।”  

অ্যাপোলোতে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জানিয়ে লাবিব বলেন, সেখানে নিয়ে তার ‘সিটি স্ক্যান’ করা হয়েছে। তপু শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। রাত আড়াইটার দিকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

তপুকে মারধরের খবর ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীরা এসে বিক্ষোভে যোগ দেয় বলে জানান কামরুল।

এ ঘটনার বিচার দাবি করে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন বলে সেখানকার একজন বাসিন্দা জানান।