গাবতলীতে আহত একজনের মৃত্যু
গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে অজ্ঞাত পরিচয় হিসেবে ভর্তি হওয়া ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।
বুধবার সকালে সংঘর্ষের মধ্যে ওই যুবককে ঢাকা মেডিকেলে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যুর কথা জানান হাসপাতালের আবাসিক সার্জন জেসমিন নাহার।
দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুই চালকের সাজার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ধর্মঘটে থাকা পরিবহন শ্রমিকরা রাতে গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
রাতভর দফায় দফায় বিক্ষিপ্ত সংঘর্ষের পর সকালে দুই পক্ষের সংঘর্ষ নতুন মাত্রা পায়। এক পর্যায়ে আমিন বাজার সেতুর দক্ষিণ দিক থেকে মাজার রোডের প্রবেশ মুখ পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এরইমধ্যে সকাল সোয়া ১০টার দিকে আহত ওই যুবককে পুলিশের টেম্পোতে করে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।
গাবতলীর এক শ্রমিকসে সময় বলেন, বাস টার্মিনালের বিপরীত দিকে একটি গলির মুখে পুলিশের ছররা গুলি লেগেছিল ওই যুবকের গায়ে।
এই ঘটনা নিয়ে মিরপুর পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “সকালে আন্দোলনকারীরা সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়ি চলাচলে বাধা দেয়। তাদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের ভূমিকায় একজন আহত হয়েছেন। তবে তার আঘাতের ধরন বা তিনি মারা গেছেন কিনা তা এখনো নিশ্চিত না।”
