২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে জামিন পেলেন হাসেমপুত্র রাসেল

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেল তিন মাসের জামিন পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 06:57 PM

Updated : 11 Apr 2022, 11:05 PM

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ মঙ্গলবার এ জামিন আদেশ দেয়।

শওকত আজিজের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

খুরিশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, হাই কোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে বুধবারই আপিলে যাবে দুদক। 

এ আইনজীবী জানান, দুর্নীতির মাধ্যমে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মতিঝিল থানায় মামলা করে দুদক।

মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরী, শওকত আজিজ এবং তার ভাই রুবেল আজিজসহ রাজউকের ছয়জন কর্মকর্তাকে আসামি করা হয়।

পরদিনই ভোরে শওকত আজিজ রাসেলকে গুলশান থেকে ও ইকবাল উদ্দিন চৌধুরীকে পরীবাগ থেকে গ্রেপ্তার করে দুদক।

ওই দিনই দুর্নীতি দমন কমিশন মতিঝিল থানার এ মামলায় রাসেলকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে। ওই আবেদন আদালত নাকচ করে দিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে যে কোনো দুই দিন তদন্ত কর্মকর্তাকে কারা ফটকে আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

একইসঙ্গে রাসেল ও ইকবাল চৌধুরীর জামিন আবেদন খারিজ করে দিয়ে তাদের কারাগারে পাঠায় আদালত।

এরপর মহানগর হাকিম আদালতের এ আদেশের বিরুদ্ধে গত ২৬ ফেব্রুয়ারি রোববার হাই কোর্টে আসেন শওকত আজিজ রাসেল।

মঙ্গলবার আদালত রাসেলকে তিন মাসের জামিন দেওয়ার পাশাপাশি কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দেয়।