২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিইউএলএফ পুরস্কার পাওয়ায় ইকবালুরকে মন্ত্রিসভার অভিনন্দন

সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন‌্য ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের (ডব্লিইউএলএফ) পুরস্কার পাওয়ায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2017, 05:06 PM

Updated : 11 Oct 2022, 01:31 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই ইকবালুর রহিমকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।

দিনাজপুরে নিজের নির্বাচনী এলাকায় বৃদ্ধাশ্রম ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পল্লী বানিয়ে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের (ডব্লিইউএলএফ) পুরস্কার পেয়েছেন সংসদ সদস্য ইকবালুর রহিম।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত ২৩ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন‌্য ২০১৭ সালের ‘সোশাল ইনোভেটর’ ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পেয়েছেন।

প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের আওতায় ২০১২ সালে পুনর্ভবা নদীর পাশে বাঙ্গিবেচা ঘাট এলাকায় পাঁচ একর ছয় শতক জমির উপর হিজড়াদের জন্য ‘মানব পল্লী’ গড়ে তোলা হয়।

ছয় কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে ১২৫টি ঘর নির্মাণ করে ১২৫ জন তৃতীয় লিঙ্গের মানুষকে সেখানে পুনর্বাসিত করা হয়েছে।

পুনর্বাসিত হিজড়াদের জন‌্য সেখানে পুকুরে মাছ চাষ, গাভী পালন, হস্তশিল্প ও বিউটি পার্লারে কাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এছাড়া ইকবালুর রহিম ২৫ জনের আবাসন ব্যবস্থা সম্বলিত একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছেন বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।