ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থকদের জয়
ঢাকা আইনজীবী সমিতির ২০১৭-১৮ কার্যবর্ষের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে জয় পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। এর মধ্যে ৯টি সম্পাদকীয় ও ১২টি সদস্য পদ পেয়েছেন তারা।
কোষাধ্যক্ষসহ ছয়টি পদ পেয়েছেন আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের আইনজীবীরা।
বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই নির্বাচনের ফল শনিবার ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোন্দকার আব্দুল মান্নান ।
নির্বাচনে মোট ১৬ হাজার ১৯৭ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৯১০ জন আইনজীবী ভোট দেন।
নির্বাচনে বিএনপ-জামায়াত সমর্থিত নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান বাচ্চু, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. রুহুল আমিন, সহ-সভাপতি কাজী মো. আব্দুল বারিক, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক মো. সারোয়ার কায়সার রাহাত, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. আফানুর রহমান রুবেল এবং ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম কাইয়ুম।
সাদা প্যানেলের বিজয়ীরা হলেন- কোষাধ্যক্ষ মো. হাসিবুর রহমান দিদার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ ও সমাজকল্যাণ সম্পাদক প্রহ্লাদ চন্দ্র সাহা পলাশ।
নীল প্যানেল থেকে সদস্য পদে বিজয়ীরা হলেন- আবু হেনা কাওছার, আরিফ হোসাইন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তারী আক্তার নূপুর, মিনারা বেগম রিনা, পান্না চৌধুরী, সৈয়দ মোহাম্মাদ আমিনুল হোসাইন অপু এবং তামান্না খানম এরিন।
সাদা প্যানেলের তিন বিজয়ী সদস্য হলেন- মাহমুদুল হাসান অমি, মো. আল-আমিন সরকার এবং ওয়াছেস আহমেদ কায়েস।
এদিকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদের জন্য সোমবার আবারও ভোট গোনা হবে বলে নির্বাচন কমিশনার খন্দকার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, “যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ফল সমিতির নোটিস বোর্ডে দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে ফল আমি ঘোষণা করেছি।”
গত ২০১৬-১৭ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে আওয়ামী লীগ জয় লাভ করে। অন্যদিকে বিএনপি ছয়টি পদে জয় লাভ করে।
