২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে ৩ পিস্তলসহ দুজন গ্রেপ্তার

ঢাকার মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2017, 04:59 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, মঙ্গলবার দুপুরের দিকে জসিমউদ্দিন রোড এলাকা থেকে দুজনকে একটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের একজনের বাসায় অভিযান চালিয়ে আরও দুটি পিস্তল পাওয়া যায়।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জসিমউদ্দিন রোড এলাকায় আনোয়ার বেকারির সামনে অভিযান চালিয়ে একটি মটরসাইকেলের পাশে দাড়িয়ে থাকা অবস্থায় নাহিদ এবং নোমান নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

নোমানের বাসা জসিমউদ্দিন রোডে এবং নাহিদের বাসা ওয়ারিতে জানিয়ে ওসি জানান, ঘটনাস্থলেই নোমানের কাছ থেকে গুলি ভর্তি একটি পিস্তল পাওয়া যায়।

“তাদের জিজ্ঞাসাবাদ করার পর নোমান আরও অস্ত্র থাকার কথা স্বীকার করলে তার বাসায় অভিযান চালিয়ে বেশ কয়েক রাউন্ড গুলিসহ আরো দুইটি পিস্তল পাওয়া যায়।”   

ওসি বলেন, গ্রেপ্তারদের কোনো সহযোগী ওই এলাকায় আরও অস্ত্র মজুদ করেছে কিনা নিশ্চিত হতে পুলিশের অভিযান অব‌্যাহত আছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য কি না, তা জানা যায়নি।