প্রাণীকে কষ্ট দিলে জেল-জরিমানা
কোনো প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়ার পাশাপাশি অঙ্গহানি বা বিষ প্রয়োগ করলে জেল-জরিমানার বিধান রেখে প্রাণী কল্যাণ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, প্রাণীদের কল্যাণে পুরনো একটি আইন ছিল, সেটাকে আপডেট করে নতুনভাবে আনা হয়েছে, অনেক জিনিস বাদ দেওয়া হয়েছে, নতুন আইনে সাজা বাড়ানো হয়েছে।
প্রস্তাবিত আইনকে ‘প্রাণিবান্ধব’ উল্লেখ করে শফিউল বলেন, মানুষ ছাড়া মেরুদণ্ডী প্রাণীদের প্রাণী হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর গৃহপালিত প্রাণী বোঝানো হবে, যারা মানুষের সেবা দেওয়ার জন্য প্রতিপালিত।
“দৈহিক, রাসায়নিক বা পরিবেশগত পীড়ন প্রাণীর শারীরিক বা মানসিক যন্ত্রণার কারণ। আইনে এসব বিষয়কে নিরুৎসাহিত করা হয়েছে। প্রাণীকে নির্যাতন করলে অপরাধ হিসেবে গণ্য হবে।”
শফিউল বলেন, প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করলে, অতিরিক্ত পরিশ্রম করানো, অপ্রয়োজনীয় প্রহার বা অন্য কোনোভাবে প্রাণীর প্রতি নির্দয় আচরণ করলেও অপরাধ হিসেবে গণ্য হবে।
“প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বা উনার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি মামলা করতে পারবেন। পুলিশের সাব-ইন্সপেক্টরের নিচে নয়, এমন কোনো কর্মকর্তা লিখিত অভিযোগ করে মামলা দায়ের করতে পারবেন।”
অপ্রয়োজনে প্রাণীদের কষ্ট দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও বিচার করা যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, প্রাণীদের পীড়নের জন্য ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড করা হবে।
আর প্রাণীদের অঙ্গহানী বা বিষ প্রয়োগ করলে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ হাজার টাকা অথবা উভয় দণ্ড দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
শফিউল বলেন, জনস্বার্থে জলাতঙ্ক বা অন্য কোনো সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে ব্যথাহীন কোনো মানবিক উপায়ে রোগের উৎস সৃষ্টিকারী প্রাণী হত্যা সম্পর্কিত সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের কার্যক্রম এই আইনের আওতায় পড়বে না।
“অর্থাৎ সিটি করপোরেশন ও পৌরসভা যে কুকুর নিধন করে, সেটা এই আইনের আওতায় পড়বে না।”
নতুন আইন প্রণীত হলে বাণিজ্যিক উদ্দেশ্যে পোষা প্রাণীর প্রজনন, উৎপাদন ও বিক্রয় ব্যবস্থাপনা করতে হব। এজন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে নিবন্ধন নিতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
“কোনো প্রাণী বেওয়ারিশ হলেও মারা যাবে না। সিটি করপোরেশন ও পৌরসভা বন্ধত্বকরণ করতে পারবে। পশু চিকিৎসকের মতামত অনুসারে মৃতপ্রায় প্রাণীগুলোকে ব্যথাহীনভাবে মৃত্যু ঘটানো যাবে।”
