২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিজড়াদের জন্য পল্লী বানিয়ে পুরস্কার পাচ্ছেন ইকবালুর রহিম

নিজের নির্বাচনী এলাকায় বৃদ্ধাশ্রম এবং তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পল্লী বানিয়ে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের (ডব্লিইউএলএফ) পুরস্কার পাচ্ছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2017, 03:31 PM

Updated : 11 Oct 2022, 01:29 PM

সোশাল ইনোভেটর ক্যাটাগরিতে দিনাজপুর-৩ আসনের এই সংসদ সদস্যকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ২৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক অনুষ্ঠানে ইকবালের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দিনাজপুর সদরের বাংগিবেচা ঘাট এলাকায় ২০১২ সালে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য ‘মানবপল্লী’ গড়ার কাজ শুরু হয়। এরই মধ্যে ৮০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে সেখানে পুনর্বাসিত করা হয়েছে বলে ইকবালুর রহিম জানিয়েছেন।

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের অর্থ থেকে পুনর্ভবা নদীর তীরে ওই পল্লী গড়ে তোলা হয়েছে। পুনর্বাসিত হিজড়াদের পুকুরে মাছ চাষ, হস্তশিল্প, বিউটি পার্লারে কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

“এই মানুষগুলো আমাদের পরিবারেরই সদস্য। কিন্তু তাদের পরিবার তাদেরকে গ্রহণ করে না, তারা অবহেলিত। অথচ অবহেলা না করে একটু যত্নশীল হলেই তারা সমাজের সাধারণ সদস্যদের মত আচরণ ও সহাবস্থান করতে পারে।”

হিজড়াদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করলেও তাদের জীবন মান নিয়ে কেউ ভাবে না বলে খেদ প্রকাশ করেন আওয়ামী লীগের এ নেতা।

“অনেক আলোচনা, নাটক- অনুষ্ঠান হয়, কিন্তু তাদের জীবন-মান উন্নত করার বিষয়ে কেউ ভাবে না। আশ্রয়ন প্রকল্প শেষ হওয়ার আগ পর্যন্ত আমি প্রকাশ করিনি যে এখানে তৃতীয় লিঙ্গের মানুষদের পুনর্বাসন করা হবে। কাজ শেষে তাদের এখানে আনা হয়েছে।”

মানবপল্লীতে হিজড়াদের থাকার জন্য ঘর বানিয়ে দেওয়া হয়েছে; তাদের কাছে জমির দলিলও হস্তান্তর করা হয়েছে বলে ইকবাল জানিয়েছেন।