তারা দেখেও দেখে না
কর্তাব্যক্তিদের অবহেলায় সরকারি প্রতিষ্ঠানের নামফলক আর সাইনবোর্ডে বানান ভুলের ছড়াছড়ির কারণে শিক্ষার্থীসহ সাধারণের মানসে সুদূরপ্রসারী প্রভাব পড়ছে বলে সতর্ক করেছেন একজন অধ্যাপক।
রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি দপ্তর ও ভবনে বাক্য ও বানানে ভুল চোখে পড়ে। সরকারি সাইনবোর্ড, নির্দেশনা ও নামফলকে প্রতিদিন এসব বানান দেখে ভুলকেই শুদ্ধ বলে ধরে নেন অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আকতার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি নামফলক ও সাইনবোর্ড দেখে সবাই ভাবে, এই বানানটাই বুঝি ঠিক। তাদের সাবধান হওয়া উচিত। আমি মনে করি, নামফলক ও সাইনবোর্ড লেখার অনুমোদন দেওয়ার জন্য জাতীয় পর্যায়ে একটা কমিটি করা দরকার।”
‘ই’-কারের জায়গায় ‘ঈ’-কার, ‘স’-এর জায়গায় ‘ষ’, যুক্ত বর্ণের ভুল ব্যবহার- এমনকি বাক্য গঠনেও ভুল রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের সাইনবোর্ড-নামফলকে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মুজিবর রহমান আল-মামুন বলেন, ভুল বানান তার ‘চোখ এড়িয়ে গেছে’।
“আমি এখনই বানান ঠিক করার ব্যবস্থা নিচ্ছি। ভবনের নামফলকে ভুল থাকা লজ্জার বিষয়।”
পাসপোর্ট নিতে আসা দুই ব্যক্তিকে ‘সতর্ক’ বানানের ভুল নিয়ে হাসাহাসি করতেও দেখা গেল।
মহাখালী থেকে গুলশান ১ নম্বরের দিকে যেতে বীর উত্তম এ কে খন্দকার সড়কে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালের সাইনবোর্ড ও নামফলকে বানান ভুল চোখে পড়ে।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাইনবোর্ডে লেখা আছে ‘ইনষ্টিটিউট’, যেখানে ইংরেজি শব্দের বাংলা বানানে ‘ষ’-এর ব্যবহারই নেই।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক পশ্চিম) লিটন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বানান ভুলের বিষয়টি তার ‘চোখে পড়েনি’।
“বানান ঠিক করতে খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সরকারি দপ্তরের এ রকম বানান ভুল সাধারণ মানুষের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আকতার কামাল।
“তারা ‘ন’-কে ‘ণ’, ই-কারকে ঈ-কার লিখছে, যুক্ত শব্দ তৈরিতে ভুল করছে। সমাসবদ্ধ শব্দও ঠিকমতো লিখছে না। মানুষ দেখে এটাই ঠিক বলে মনে করছে। এর প্রভাব মারাত্মক। যেকোনো লেখা বাংলা একাডেমির রীতিসিদ্ধ হওয়া বাঞ্ছনীয়।”
বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক মোবারক হোসেন বলেন, “বাংলাদেশের নাগরিক হয়েও বাংলা বানান শুদ্ধভাবে না লিখলে লজ্জা পাওয়া উচিত। ভাষার প্রতি অবশ্যই শ্রদ্ধাবোধ থাকতে হবে।”
