ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ: অভিযোগ সাংসদের এপিএসের বিরুদ্ধে
নারায়ণগঞ্জের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের ঢাকার পল্টনের ব্যবসায়িক কার্যালয়ে তার এপিএস কামরুজ্জামান হীরা ছাত্রলীগকর্মী মোশাররফ হোসেনকে ডেকে আনার পর প্রতিপক্ষের গুলিতে তিনি আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মোশাররফের ভগ্নিপতি মো. রুহুল আমিন পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছেন।
এতে বলা হয়, সোমবার দুপুরে কামরুজ্জামান হীরা ডাকলে সবুজ, কাউসার, রনিসহ মোশাররফ বেলা সাড়ে ৩টায় পল্টনের অফিসে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে মাসুদ রানা ওরফে আশিকসহ অজ্ঞাত দুইজন ওই অফিসে প্রবেশ করে মোশাররফকে মারধর করে। এরপর মোশাররফকে গুলি করে তারা পালিয়ে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই সোমেন কুমার বড়ুয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনায় ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে মোশাররফকে গুলি করেছে মাসুদ রানা ওরফে আশিক।”
সোমবার সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডের ১৯ তলা ভবনের দ্বিতীয় তলার কার্যালয় থেকে মোশাররফকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় পুরানা পল্টনে গাজী ট্যাংকের অফিস থেকে সাংসদের এপিএস কামরুজ্জামান হীরাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে তদন্ত কর্মকর্তা জানান।
তিনি বলেন, মোশাররফকে গুলির ঘটনার বিস্তারিত জানতে তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
মহানগর হাকিম সত্যব্রত শিকদার রিমান্ড আবেদন বাতিল করে হীরাকে জামিন দিয়েছেন বলে সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল আহমেদ জানান।
রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামরুজ্জামান হীরার নির্দেশে আমার শ্যালক মোশাররফকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে।”
এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান পল্টন থানার ওসি রফিকুল ইসলাম।
“কাউকে ছাড় দেওয়া হবে না,” বলেন তিনি।
