‘অতৃপ্তি’ ভোটে বিএনপিকে না পাওয়া: শাহনেওয়াজ
পাঁচ বছর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন শেষে মো. শাহনেওয়াজ বলেছেন, তাদের ‘অতৃপ্তি’ শুধু দশম সংসদ নির্বাচনে বিএনপি ও তাদের জোটকে না পাওয়া।
শেষ কার্যদিবস মঙ্গলবার নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “কোনো বিষয়কে কখনোই চ্যালেঞ্জিং মনে করিনি, কখনো আমাদের অসহায়ত্বও প্রকাশ পায়নি।
“তবে অতৃপ্তি অথবা অপ্রাপ্তির জায়গা ছিল। আমরা চেয়েছিলাম অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন করতে, কিন্তু রাজনৈতিক কারণে একটি দল ও তাদের জোট ভোটে আসেনি।
“২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের সময় একটা রাজনৈতিক দল ও তার জোট নির্বাচনে অংশ না নেওয়ায় সেটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়নি। এতে নির্বাচন কমিশনের কোনো দায়দায়িত্ব ছিল না। সবার অংশগ্রহণমূলক না হওয়ায় খারাপ লেগেছে।”
মো. শাহনেওয়াজ
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। তবে এর আগে-পরে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে অংশ নেয় তারা।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘সরকারের আজ্ঞাবহ’ হয়ে কাজ করার অভিযোগ রয়েছে তাদের।
মেয়াদ শেষ হওয়ায় কাজী রকিব ও তিন নির্বাচন কমিশনার গত ৮ ফেব্রুয়ারি বিদায় নেন। মঙ্গলবার বিদায় নিলেন নির্বাচন কমিশনার শাহনেওয়াজ।
নিজেদের মেয়াদের মূল্যায়নে তিনি বলেন, “আমাদের মেয়াদে অধিকাংশ নির্বাচন ভালো হয়েছে। তবে রাজনৈতিক দল, প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কিছু নির্বাচনী কর্মকর্তার অসহযোগিতার কারণে কোনো কোনো ক্ষেত্রে কিছু নির্বাচন খারাপ হয়েছে।
“বিশেষ করে কিছু কিছু প্রার্থী নির্বাচনে জেতার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সে কারণে কিছু নির্বাচন খারাপ হয়েছে। সার্বিকভাবে ভালো নির্বাচন হেয়েছে, সুন্দর সময় গেছে আমাদের।”
মঙ্গলবার বিকাল ৫টায় আগারগাঁয়ের ইসি কার্যালয় ছাড়েন মো. শাহনেওয়াজ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত সোমবার সাবেক সচিব কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন। বুধবার শপথ নিয়েই তারা নির্বাচন কমিশনে যোগ দেবেন।
নূরুল হুদার নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহাদৎ হোসেন চৌধুরী।
