২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু প্রেমিকা নয়, অন্য নারীদেরও ‘ভালোবাসি’ বলার  আহ্বান

ভ্যালেন্টাইন’স ডে’ তে শুধু প্রেমিকা নয়, মা-বোনসহ কাছের সব নারীকে ‘ভালোবাসি’ বলার আহ্বান এসেছে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ দিবসের অনুষ্ঠান থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2017, 12:33 AM

Updated : 11 Oct 2022, 01:28 PM

মঙ্গলবার ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশে পঞ্চমবারের মতো পালিত হয় দিবসটি।

বিভিন্ন দেশে নারীর প্রতি সহিংসতা সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ গড়ার লক্ষ্যে একটি আন্দোলন হল ‘উদ্যমে উত্তরণে শতকোটি’। এটি বিশ্বব্যাপী ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ নামে পরিচিত।

‘জাগো, ভাঙো ও যুক্ত হউ’ স্লোগান নিয়ে এবার বাংলাদেশে পালিত হয় এই দিবস।

অনুষ্ঠানে নারী অধিকার কর্মী খুশি কবির বলেন, “নারী জাগরণের এই আন্দোলন পুরো বিশ্বের নারীদের সঙ্গে একাত্মতা প্রকাশের একটি উপায়। নারীর প্রতি অসম আচরণ, সহিংসতা আর নিপীড়নের বিরুদ্ধে পুরো বিশ্ব একদিন কথা বলবে- এই আশা আমরা করি।”

তিনি বলেন, “ভ্যালেন্টাইন’স ডে তে কেবল প্রেমিক তার প্রেমিকাকে ভালবাসি বলবে তা নয়, এদিন মানুষ তার জীবনে থাকা প্রতিটি কাছের মানুষকে ভালোবাসি বলবে। হতে পারে সে মা, বোন কিংবা দাদি।”

রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে প্রতিটি সাংস্কৃতিক পরিবেশনায় ছিল নারীর ওপর সহিংসতা বিরোধী বার্তা। নারী অধিকার বিষয়ক গান গেয়েছেন আরমিন মুসা, ব্যান্ড দল ‘সহজিয়া’ও যোগ দেয় এই আয়োজনে। এছাড়া রবীন্দ্র সঙ্গীত, বাউল ঘরানার সঙ্গীতের সাথে সাথে মুকাভিনয়, ফায়ার স্পিনিং এবং অ্যাকশন এইডের ‘ব্রেক দ্যা চেইন’ নামে একটি নৃত্য পরিবেশন  হয়।