পাট বিল সংসদে পাস
পাকিস্তান আমলে প্রণীত পাট আইন বাতিল করে নতুন আইনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে।
মঙ্গলবার সংসদে ‘পাট বিল-২০১৭’ বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিকের পক্ষে পাসের প্রস্তাব করেন প্রতিমন্ত্রী মির্জা আজম। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
গত বছরের মে মাসে বিলটি সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৬২ সালের জুট অর্ডিন্যান্সে আইন ভঙ্গের শাস্তি ছিলে তিন বছর। নতুন আইনের প্রস্তাবে আগের তিন বছর কারাদণ্ডের সঙ্গে এক লাখ টাকা জরিমানার বিধান যুক্ত করা হয়েছে।
আগের অধ্যাদেশে আইন লঙ্ঘন করলে তিন বছর কারাদণ্ডের বিধান থাকলেও কত টাকা জরিমানা করা যাবে তা নির্ধারিত ছিল না।
বিলে বলা হয়, পাট ও পাটজাত পণ্যের উন্নয়নের জন্য সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা একটি উন্নয়ন তহবিল গঠন করতে পারবে।
সরকার পাটখড়ি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে যে কোনো বা বিশেষ শ্রেণির পণ্য উৎপাদন, ক্রয় ও বিক্রয় সম্পর্কে তথ্য সংগ্রহ ও নিয়ন্ত্রণ করতে পারবে।
এছাড়া সরকার পাট বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন, মজুদ, ক্রয়, বিক্রয় বা ব্রোকারি সংক্রান্ত হিসাব, রিটার্ন তথ্য কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের নির্দেশ দিতে পারবে বলেও বিলে বলা হয়।
