সাগর-রুনি হত্যা: দ্রুত সুরাহা চায় সংসদীয় কমিটি
পাঁচ বছরেও সাংবাদিক দ্ম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা না হওয়ায় এর তদন্তের সুরাহা দ্রুত করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
হত্যাকাণ্ডের পঞ্চম বার্ষিকীতে সাংবাদিক সংগঠনগুলোর নতুন করে আন্দোলন শুরুর ঘোষণার প্রেক্ষাপটে মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটির সভাপতি বিষয়টি বৈঠকে উত্থাপন করেছিলেন। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও ঘটনাটির কোনো সুরাহা এখনও হয়নি। এজন্য কমিটির পক্ষ থেকে দ্রুত সুরাহা করার সুপারিশ করা হয়েছে।”
বিষয়টি নিয়ে কথা বলার জন্য কমিটির সভাপতি টিপু মুনশির সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দিলেও তা না হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।
তার পরের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর হত্যাকাণ্ডের আট মাস পর এক সংবাদ সম্মেলনে বলেন, এই খুনে জড়িত হিসেবে আটজনকে সনাক্ত করা হয়েছে এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তে অগ্রগতি না হওয়ার পর ডিবি ব্যর্থতা স্বীকার করে নিলে তার আগেই হাই কোর্ট র্যাবকে তদন্তের দায়িত্ব দেয়।
সাগর-রুনি (ফাইল ছবি)
তারপর চার বছর গড়ালেও এখনও এই হত্যাকাণ্ডের কূল-কিনারা হয়নি। ৪৬ বার সময় নিয়েও প্রতিবেদন জমা না দেওয়ায় বর্তমান তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিনকে সম্প্রতি তলব করে আদালত।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গত বৃহস্পতিবারও সাংবাদিকদের বলেন, “আমি এখনও আশাবাদী, যে কোন সময় র্যাব এটা উদঘাটন করবে এবং আপনাদের (সাংবাদিক) জানাতে পারবেন।”
সংসদীয় কমিটির মঙ্গলবারের বৈঠকে সংসদে উত্থাপিত ‘ব্যাটালিয়ান আনসার (সংশোধন) বিল- ২০১৭’ নিয়েও আলোচনা হয়। কমিটি বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট উপস্থাপনের জন্য সুপারিশ চূড়ান্ত করে।
টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, শামসুল হক টুকু, ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ফখরুল ইমাম অংশ নেন। এছাড়া স্বরাষ্ট্র সচিব, পুলিশের ভারপ্রাপ্ত আইজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
