২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার পরও মাটি ভরাট, নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে তলব

উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও প্রায়  দুই হাজার ৩৫০ বিঘা কৃষিজমি, জলাভূমি ও নিচু জমি মাটি ভরাট করে ইউনিক প্রোপার্টি ডেভেলপমেন্টের সোনারগাঁও ইকোনমিক জোনের কার‌্যক্রম অব্যাহত রাখায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 04:53 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

আগামী ২২ ফেব্রুয়ারি হাই কোর্টে হাজির হয়ে এ বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে বেলার পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ কবির। বিবাদী পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম।

পরে সাঈদ আহমেদ সাংবাদিকদের বলেন, সোনারগাঁয়ের ৬টি মৌজায় কৃষি জমি, নিচু জমি ভরাট করে ইউনিক গ্রুপের ইউনিক প্রপার্টিজ ‘সোনারগাঁও রিসোর্ট সিটি’ নির্মাণের কাজ শুরু করে।

এর বিরুদ্ধে বেলা রিট করার পর ২০১৪ সালের ২ মে হাই কোর্ট রুল জারি করে সোনারগাঁও রিসোর্ট সিটি নির্মাণে প্রথম নিষেধাজ্ঞা দেয় এবং যে অংশ ভরাট করা হয়েছে তা পূর্বের অবস্থায় ফেরানোরও নির্দেশ দেওয়া হয়।

রুলে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, জেনপুর, ছয়হিস্যা, চরভাবানাথপুর, ভাটিবান্ধা ও রতনপুর মৌজার কৃষি জমি, জলাভূমি, নিচু ভূমি রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চায় হাই কোর্ট।

২০১৬ সালের সেপ্টেম্বরে ওই এলাকায় আবার মাটি ভরাট শুরু করায় ২০ অক্টোবর বেলার পক্ষ থেকে আদালত অবমাননার অভিযোগে নোটিস দেওয়া হয়।

পরে ২৫ অক্টোবর প্রতিষ্ঠানটি হাই কোর্টে একটি আবেদন করে আদালত পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন নির্দেশনা সংশোধন করে প্রতিষ্ঠানটিকে কার‌্যক্রম পরিচালনার অনুমতি দেয়। এর মধ্যে‘সোনারগাঁও রিসোর্ট সিটি’ নাম পরিবর্তন করে ‘সোনারগাঁও ইকোনমিক জোন’ নামকরণ করা হয়।

২৫ অক্টোবরের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল করে বেলা।

৩ নভেম্বর ওই আবেদনের শুনানি নিয়ে ৬ সপ্তাহের মধ্যে হাই কোর্টে মূল রিট নিষ্পত্তির করতে উভয় পক্ষকে নির্দেশ দেয় আপিল বিভাগ।

পাশাপাশি কার‌্যক্রম পরিচালনার অনুমতি সংক্রান্ত হাই কোর্টের আদেশটিও স্থগিত করে দেয় সর্বোচ্চ আদালত।

সাঈদ আহমেদ বলেন, হাই কোর্টে রুল শুনানি অবস্থায় ওই প্রকল্পে মাটি ভরাট কার‌্যক্রম অব্যাহত থাকে। পরে বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন এবং তলবের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়।

“মঙ্গলবার আদালত নিষেধাজ্ঞা থাকার পরও মাটি ভরাটের বিষয়ে ব্যাখ্যা দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে তলব করেছেন।”