কোস্ট গার্ডে পদক পেলেন ৩৭ জন
কোস্ট গার্ডের উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাহিনীতে কর্মরত কর্মকর্তা, নাবিক ও কর্মচারীদের ৩৭ জন পদক পেয়েছেন।
পদকপ্রাপ্তদের মধ্যে ২২ জন কর্মকর্তা, ১৩ জন নাবিক ও ২ জন বেসামরিক কর্মচারী রয়েছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে ‘২২তম কোস্ট গার্ড প্রতিষ্ঠাবার্ষিকীতে’ চারটি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
এর মধ্যে ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক’ পেয়েছেন নয়জন আর ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক (সেবা)’ পেয়েছেন ১০ জন। ‘প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক’ পেয়েছেন নয়জন আর ‘প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (সেবা)’ পেয়েছেন নয়জন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কোস্ট গার্ড বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সরকার বদ্ধ পরিকর। তাই কোস্ট গার্ড বাহিনীর উন্নয়নে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় কোস্ট গার্ড বাহিনীকে যুযোপযোগী এবং স্বয়ংসম্পূর্ণ বাহিনী হিসেবে গড়ে তুলতে অফসোর প্যাট্রল ভেসেল (ওপিভি), ইনসোর প্যাট্রল ভেসেল (আইপিভি), ফাস্ট প্যাট্রল বোট (এফপিবি), হারবার প্যাট্রল বোট (এইচপিবি), হাইস্প্রিড বোট, ফ্লোটিং ক্রেন, ডকইয়ার্ড, হাসপাতাল, বেইস, স্টেশন ও আউট পোস্ট বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
এছাড়া কোস্ট গার্ড বাহিনীর ভিত্তি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সুদৃঢ়করণে নিজস্ব জনবল ভর্তির পদক্ষেপ বাস্তাবায়নাধীন।
১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কোস্ট গার্ডের যাত্রা শুরু হয়। নৌবাহিনী হতে প্রেষণে নিযুক্ত স্বল্প সংখ্যক কর্মকর্তা ও নাবিক এবং নৌবাহিনী থেকে অস্থায়ীভাবে পাওয়া সিজিএস তৌহিদ এবং সিজিএস পাবনা নামে দুটি প্যাট্রল ক্রাফট নিয়ে শুরু হয় তাদের পথচলা।
জাতীয় ও আন্তর্জাতিক বিবিধ আইন প্রয়োগের মাধ্যমে সমুদ্র ও উপকূল অঞ্চলের নিরাপত্তা ও শৃঙ্খলা বিধান এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোস্ট গার্ডের গুরুত্ব অনুধাবন করে কোস্ট গার্ডকে একটি বাহিনীতে পরিণত করতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি নতুন ‘কোস্ট গার্ড আইন ২০১৬’, জাতীয় সংসদের পাশ হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ ও নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ বক্তব্য দেন।
যারা পদক পেলেন
বাংলাদেশ কোস্ট গার্ড পদক: নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ (কোস্ট গার্ডে থাকাকালীন তিনি ক্যাপ্টন ছিলেন। সেসময় কাজের অবদানের জন্য), কমান্ডার আবু তাহের মোহাম্মদ রেজাউল হাসান, লেফটেন্যান্ট সৈয়দ আব্দুর রউফ, লেফটেন্যান্ট এম আতাউর রহমান মৃধা, লেফটেন্যান্ট নাজিউর রহমান, সিনিয়র চিফ পেটি অফিসার এম এ আক্তার, চিফ পেটি অফিসার এম আব্দুল আলীম, পেটি অফিসার এম আমিনুল হক এবং পেটি অফিসার (রেডিও সুপার ভাইজার- জেনারেল) আবু তাহের।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক: ক্যাপ্টেন মোহাম্মদ আনোয়ার হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এস এম সেলিম জাহাঙ্গীর, লেফটেন্যান্ট নাফিউর রহমান, চিফ পেটি অফিসার এম এ মতিন, পেটি অফিসার ছামিউল ইসলাম, ইঞ্জিন রুম প্রকৌশলী-৪ মোহাম্মদ লিটন মিয়া, ইঞ্জিন রুম প্রকৌশলী-৪ এম এম করিম, টপ-১ মাহমুদুর রহমান এবং গাড়ী চালক মোঃ শামসুল আলম।
