আদনান হত্যা: তিনজন ফের রিমান্ডে
রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যার ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিনদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালত এ আদেশ দেয়।
যাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন- ডিসকো বয়েজের দলনেতা শাহরিয়ার বিন সাত্তার সেতু, বিগবস গ্রুপের দলনেতা মো. আক্তারুজ্জামান ছোটন ও জাহিদুল ইসলাম জুইস।
এছাড়া শাহীনুর রহমান, সেলিম খান, ইব্রাহিম হোসেন ওরফে সানি ও মিজানুর রহমান সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি এই সাতজনের তিনদিন রিমান্ড মঞ্জুর করে আদালত।
রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শাহীন মিয়া সাতজনকে সোমবার আদালতে হাজির করে তিনজনের ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন। বাকি চারজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তিনজনের রিমান্ড মঞ্জুর করেন।
হত্যার এ ঘটনায় গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করেছিল র্যা ব। তাদের সঙ্গে গ্রেপ্তার করা হয় রমজান মোবারক (১৭) নামের এক কিশোরকে। তবে তাকে আদনান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
আদনান হত্যা মামলায় তাকে সেদিন আদালতে হাজিরও করা হয়নি। তাকে হাজির করা হয়েছিল উত্তরা পশ্চিম থানার একটি মাদক মামলায়। তাকে ওই মামলায় কারাগারে পাঠানো হয়েছিল বলে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।
উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান গত ৬ জানুয়ারি সন্ধ্যায় খুন হন। ১০/১৫ জন তরুণ ধাওয়া করে আদনানকে ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেকের মাথায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আদনানের বাবা কবির হোসেন উওরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
