উত্তরায় আদনান হত্যায় গ্রেপ্তার সাতজন রিমান্ডে
রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যার ঘটনায় গ্রেপ্তার কথিত ডিসকো বয়েজ এবং বিগ বস গ্রুপের দলনেতাসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজতে পেয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে থেকে সাতজনকে বৃহস্পতিবার ঢাকা মুখ্য আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শাহীন মিয়া।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম একেএম মাঈনউদ্দিন সিদ্দিকী তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেয়া সাতজন হলেন- ডিসকো বয়েজের দলনেতা শাহরিয়ার বিন সাত্তার সেতু, বিগবস গ্রুপের দলনেতা মো. আক্তারুজ্জামান ছোটন, জাহিদুল ইসলাম জুইস, শাহীনুর রহমান, সেলিম খান, ইব্রাহিম হোসেন ওরফে সানি ও মিজানুর রহমান সুমন।
এ সময় সাতজনের জামিন চাওয়া হলে বিচারক তা নাকচ করে দেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানিয়েছেন।
নিহত আদনান কবির
তাকে আদালতে পাঠানো হয়নি বলেও জানান তিনি।
উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান গত ৬ জানুয়ারি সন্ধ্যায় খুন হন। ১০/১৫ জন তরুণ ধাওয়া করে আদনানকে ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেকের মাথায় তার মৃত্যু হয়।
এঘটনায় মঙ্গলবার রাতভর ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব।
