২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭তম বিসিএস: বহিষ্কার ৩, একজনের সাজা

সাঁইত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তিন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 05:18 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারিতে অকৃতকার্য হয়েও উত্তীর্ণ আরেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর নিজের প্রবেশপত্রে বসিয়ে রোববার ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন বগুড়ার সোনাতলা উপজেলার মো. আলম মিয়া।

তাকে আটক করার পর ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি ও অন্যদের সাক্ষ্য নিয়ে আলমকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রোববার ইংরেজি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা থেকে আরও দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে পিএসসি জানালেও তাদের নাম প্রকাশ করেনি।

এছাড়া সোমবার রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অসদুপায় অবলম্বনের জন্য মো. রুবেল হক নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পিএসসি জানিয়েছে, এবারের বিসিএসে রোববার ইংরেজি এবং সোমবার বাংলাদেশ বিষয়াবলির লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ৮ হাজার ৫২৩ জন চাকরিপ্রার্থী।

আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষাগুলো হবে।

গত ৩০ সেপ্টেম্বর এই বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। তাদের মধ‌্যে উত্তীর্ণ ৮ হাজার ৫২৩ জন দিচ্ছেন লিখিত পরীক্ষা।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।