২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গান-কথায় রফিকুজ্জামানের জন্মদিন উদযাপন

গান ও কবিতার নানা আয়োজনে উদযাপন করা হল গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের ৭৫তম জন্মদিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 11:18 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

রোববার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশে উপস্থিত ছিলেন রফিকউজ্জামান। তার লেখা একগুচ্ছ গান শোনান শিল্পীরা।

‘সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে...’একাত্তরের রণাঙ্গনে যাওয়া সন্তানের জন্য প্রতীক্ষারত এক মায়ের আকুতি এভাবেই গানের সুরে মেলে ধরে খ্যা তিমান রফিকউজ্জামান।

স্বদেশের ভাবনাতাড়িত এমন গানের পাশাপাশি লিখেছেন অসংখ্য রোমান্টিক ও যাপিত জীবনের কথা বলা গান।

জন্মদিনের আয়োজনে এসে তার ব্যক্তিজীবন ও সংগীত জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন কবি আসাদ চৌধুরী, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, গণসঙ্গীত শিল্পী মাহমুদ সেলিম ও কণ্ঠশিল্পী কনকঁচাপা।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল রফিকউজ্জামান রচিত ২১টি গানের পরিবেশনা। জন্মদিনের এ অনুষ্ঠানের আয়োজন করে সৃজনশীল গানের দল ‘নিবেদন‘।

৭৫তম জয়ন্তীর অনুভূতি প্রকাশ রফিকউজ্জামান বলেন, “বয়স যত বাড়ে লেখার মাঝেও তত বেশি পরিবর্তন আসে। এক গানের মধ্যে শুধু আনন্দের কথা বলতাম। বয়স বাড়ার সাথে সাথে সেখানে আনন্দের পাশাপাশি জায়গা করে নিয়েছে বিরহ ও বেদনা।”

 “তবে সঙ্গীত রচনায়  ছন্দ ও অন্তঃমিল প্রয়োগের ক্ষেত্রে সব সময় শুদ্ধতার পথে হেঁটেছি। তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান, তারাও যেন গান লেখার ক্ষেত্রে শুদ্ধতাকে অনুসরণ করে,” আহ্বান জানান তিনি।