২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরের কাছে ডাম্পিং স্টেশন নির্মাণ স্থগিত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে সংলগ্ন এলাকায় আর্বজনা ফেলার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ‘ডাম্পিং স্টেশন’ নির্মাণ কাজে তিন মাসের স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 06:52 PM

Updated : 30 Sep 2022, 08:27 PM

রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দিয়েছে।

রুলে ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চেয়েছে আদালত।

চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সাত জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারী রানা কাওসারের পক্ষে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু।

রোববার একটি জাতীয় দৈনিকে ‘সীমানা প্রাচীর ঘেঁষে ডিএনসিসির ডাস্টবিন নির্মাণ, বিমান উড্ডয়ন ও অবতরণ ঝুঁকিতে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন যুক্ত করে রিট করেন আইনজীবী রানা কাওসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কেপিআই নীতিমালা ২০১৩ এর অনুচ্ছেদের ৫.১৪ অনুযায়ী বিমান বন্দরের সীমানা প্রাচীরের ২৫ মিটারের মধ্যে কোনো প্রকার স্থাপনা নির্মাণ করা যাবে না।

“সে অনুযায়ী বিমান বন্দরের সীমানা প্রাচীর ঘেঁষে ডাম্পিং স্টেশন বা কোনো স্থাপনা নির্মাণের সুযোগই নেই।”

তাছাড়া বেসামরিক বিমান কর্তৃপক্ষ বিষয়টি পরিদর্শন করে সিটি করপোরেশনকে ডাম্পিং স্টেশন নির্মাণ করার অনুরোধ জানিয়েছে বলেও জানান রিটকারী এ আইনজীবী।