বইমেলার আইন: কাগজে আছে কাজে নেই
দ্বিতীয় সপ্তাহে এসে মাসব্যাপী অমর একুশে বইমেলায় স্টলে স্টলে বইয়ের সমারোহ, অভাব নেই ক্রেতা বা দর্শনার্থীর; তবে এখনও হারায়নি অব্যবস্থাপনার চিত্র।
বইমেলার শুরুতেই প্রকাশকদের নীতিমালা ও নিয়মাবলী সম্বলিত একটি পুস্তিকা দেওয়া হয়। তবে সরেজমিনে দেখা যায়, কাগুজে আইন শুধু কাগজেই আছে, কাজে সেই আইনগুলো মেনে চলার তাগাদা প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে নেই।
নীতিমালা পুস্তিকার প্রথম পাতায় ৬ নম্বর ধারার ২ উপধারায় উল্লেখ করা হয়েছে, অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশকগণ কেবল বাংলাদেশে মুদ্রিত ও প্রকাশিত বাংলাদেশি লেখকদের অনূদিত লেখা প্রকাশ করতে পারবে। এ অনুবাদে মূল লেখকের অথবা প্রকাশকের অনুমতিপত্র থাকতে হবে।
বইমেলায় একাধিক প্রকাশনা সংস্থা একই বইয়ের অনুবাদ ছেপে বিক্রি করছে। তবে কোনো প্রকাশনা সংস্থারই যথাযথ অনুমতি নেই বলে দাবি করেন বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন কপিরাইট অফিসের রেজিস্টার জাফর আর. চৌধুরী।
তিনি বলেন, কপিরাইট আইনের ৫২ ধারায় স্পষ্ট লেখা আছে- কোনো বিদেশি বই যদি বাংলায় অনুবাদ করা হয় তবে আন্তর্জাতিক কপিরাইটের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কপিরাইট অফিসের মাধ্যমে স্বত্বের অনুমতি নিতে হবে। তবে এখন পর্যন্ত কোনো প্রকাশনা সংস্থা এ ধরনের অনুমতির জন্য তাদের কাছে যায়নি।
“এটা খুবই দুঃখজনক যে প্রতিষ্ঠিত প্রকাশনী যেমন- সেবা, বাতিঘর, আদী প্রকাশন ইত্যাদি; যারা মূলত অনুবাদই প্রকাশ করে থাকে, বাংলা অ্যাকাডেমিরও একটা অনুবাদের শাখা আছে, তারাও কখনও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি।”
জাফর আর. চৌধুরী বলেন, কপিরাইট আইনের ৫২ ধারা অনুযায়ী যে কোনো বই অনুবাদের ক্ষেত্রে কতগুলো বিষয় মেনে চলতে হবে। যেমন, কোনো বই প্রকাশের ন্যূনতম পাঁচ বছরের মধ্যে সেটার অনুবাদ করা আইনের পরিপন্থি। লেখাটি প্রকাশের পরে অন্তত পাঁচ বছর পার হলে, নির্ধারিত ফি জমা দিয়ে, কপিরাইট অফিসের মাধ্যমে উক্ত লেখক বা প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিতে হয়। যদি বইটি বাণিজ্যিক না হয় শুধু শিক্ষা বিস্তারে ব্যবহৃত হয় তবে সেটির অনুবাদের অনুমতি গ্রহণের জন্য ন্যূনতম তিন বছর অপেক্ষা করতে হবে।
“গতবছর অভিযোগের সূত্র ধরে গঠিত টাস্কফোর্সের অভিযানে আমরা এ ধরনের অনেক বই জব্দ করেছি। আইন অনুযায়ী শুধু লেখকের মৃত্যুর ৬০ বছর পরে তার লেখা কেউ এভাবে ছাপাতে পারবে, অন্যথায় নয়।
“আমাদের দেশে বস্তুগত সম্পদকেই মানুষ সম্পদ হিসেবে গণ্য করে এবং সেই ধন পর হস্তগত হলে সেটা চুরি বলে গণ্য করা হয়। অন্যের মানসিক পরিশ্রমের ফসল এভাবে বিক্রি করাও চুরির একটি রূপভেদ- এটা সবাইকে জানতে ও মানতে হবে।”
একইভাবে বইমেলার নিয়মের ১৩ ধারায় বর্ণিত অংশগ্রহণের শর্তে ১৪ (খ) নম্বর অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে- বইমেলায় কোনোভাবেই ডোরেমন, বারবি, পোকেমন, মি. বিন, মটু-পাতলু এবং এ জাতীয় অন্য কোনো পাইরেটেড বই প্রদর্শন বা বিক্রি করা যাবে না। তবে শিশুদের জন্য নির্ধারিত চত্বরে গেলেই প্রায় প্রতিটি স্টলে এসব বই পাওয়া যাবে। শুধু তাই নয়, এইসব বইয়ের সঙ্গে অনেক জায়গায় সিডিও যুক্ত আছে যেগুলো পাইরেটেড সিডি।”
পাইরেটেড বই নিয়েক্ষোভ প্রকাশ করে কার্টুনিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন সুলতানা মিতুবলেন, “যে কোনো মানসিক পরিশ্রমের একটা পারিশ্রমিক থাকে। এই বইগুলো যে-ই লিখে থাকুক তাদের সঙ্গে আমাদের প্রকাশনা সংস্থাগুলোর মৌখিক কোনো আলোচনাও নেই, কিন্তু তারা এইসব বই সহসাই ছাপিয়ে দিচ্ছেন।
“তাহলে এই বইগুলোর মূল্য বাবদ যে অর্থ প্রকাশনা সংস্থা আয় করছে তার ভাগ না লেখক পাছে না কার্টুনিস্ট না চিত্রকর। তাছাড়া কারও তৈরি করা চরিত্র বা ছবি বা গল্প অন্য কেউ তার অনুমতি ছাড়া পুনর্নির্মাণ করতে পারে না। এটা এক ধরনের চুরিই।”
তিনি বলেন, “পৃথিবীর বুকে বাংলাদেশ খুব ছোট একটি দেশ, আমাদের খোঁজ কেউ রাখে না। কেউ এসে কলার চেপে ধরবে না। তাই ইন্টারনেট থেকে ডাউনলোড করে বই ছাপিয়ে প্রকাশকরা একচেটিয়া মুনাফা করছেন, যেটার ভাগ কাউকেই দিতে হয় না।
“এতে দেশীয় লেখক, চিত্রকর, কার্টুনিস্টদের কাজের জায়গাটা ব্যাহত হচ্ছে। এটা তাই চলতে দেওয়া যায় না।”
তবে কপিরাইট সাব রেজিস্টার জোহরা বেগম বলছেন, বাংলাদেশ কপিরাইটের আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছে।
“ফলে কেউ কলার না চাপলেও নৈতিক কারণে এই আইন আমাদের মানতে হবে।”
এ তো গেলো শুধু কপিরাইট আইনের বিষয়। এছাড়াও বইমেলায় অংশগ্রহণের নিয়মকানুনের পুস্তিকায় উল্লিখিত ১০ এর ১ ধারা অনুযায়ী অংশগ্রহণের যোগ্যতায় উল্লেখ করা হয়েছে, “যে সব পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠান সর্বমোট একশতটি অথবা ১লা জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত কমপক্ষে পঁচিশটি মানসম্মত এবং নতুন প্রকাশকদের ক্ষেত্রে গত পাঁচ বছরে পঞ্চাশটি তন্মধ্যে বিশটি মানসম্মত সৃজনশীল সাহিত্য, বিজ্ঞান ও গবেষণাধর্মী বই প্রকাশ করেছে তাদের স্টল বরাদ্দ দেয়া হবে।”
এ বছর ১০.২ ধারায় লেখকের সঙ্গে চুক্তিপত্রের অনুলিপি এবং প্রকাশিত বইয়ের কপি জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে জমা দেওয়ার প্রত্যায়নপত্র ও লেখককে রয়্যালিটি দেওয়ার প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হলেও খুব কম প্রকাশনী এই নিয়মে সাড়া দিয়েছে।
পুরাতন অনেক প্রকাশনী এই আইনের বিরোধিতা করেছে বলেও জানান ড. জালাল।
এ ছাড়াও লিটল ম্যাগ চত্বরের স্টলগুলোতে ম্যাগাজিন ছাড়া বই প্রদর্শনী ও বিক্রি করা অবৈধ হলেও সেটিও মোটামুটি স্বতঃস্ফূর্তভাবেই হচ্ছে। ৬.৪ ধারা ভেঙ্গে একই বই একাধিক স্টলে, পরিবেশক না হয়েও বই স্টলে রাখার মতো আইন লংঘনের ঘটনা ঘটছে। লটারির কথা থাকলেও সামনের দিকের স্টল বরাদ্দে বরাবর প্রাধান্য পাচ্ছে গুটি কয়েক প্রভাবশালী প্রকাশনী।
ড. জালাল সব অভিযোগ স্বীকার করে বলেন, বইমেলায় পরিসর এখন এতই বড় যে সব আইন একটি একটি করে দেখা সম্ভব না।
তিনি আরও বলেন, “আমাদের দেশে সকলেরই আইন না মানার একটা প্রবণতারয়েছে। সচেতনতার মাধ্যমে আইন মানা না হলে আইন প্রয়োগ করে খুব বেশি পরিবর্তন আসবে না। বড়জোর চারশোর মধ্যে দুশো প্রকাশনী বন্ধ হবে।”
তবে এ ধরনের ব্যবস্থা নিতে পারলে লেখক লাভবান হবে, মান সম্মত লেখা এবং প্রকাশনা সংস্থাও সৃষ্টি হবে বলেও স্বীকার করেন তিনি।
