ঢাকায় ধর্ষণের দায়ে যাবজ্জীবন
ষোল বছর আগে পুরান ঢাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার বৃহস্পতিবার এ রায় দেন।
রায়ে আসামি মো. মাসুমকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহমুদা খাতুন জানিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ১ ডিসেম্বর পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনের একটি বাসার ছাদে শুঁকাতে দেওয়া কাপড় আনতে গেলে মাসুম ওই কিশোরীকে চিলেকোঠার ঘরে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনাটি কাউকে জানালে ‘মেরে ফেলার’ও হুমকি দেওয়া হয় বলে মামলার এজাহারে বলা হয়।
ওই কিশোরী ভয়ে বিষয়টি কাউকে না বললেও কয়েক মাস পর গর্ভবতী হয়ে পড়েন। তখন ধর্ষণের বিষয়টি জানাজানি হয়।
মাসুমের মা নুরজাহান ঘটনা জানতে পেরে প্রথমে ওই কিশোরীর সঙ্গে ছেলের বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে তিনি ধর্ষণে ছেলের জড়িত থাকার কথা অস্বীকার করেন।
পরের বছর মে মাসে ঢাকার কোতোয়ালি থানায় মাসুমকে আসামি করে মামলা করেন কিশোরীর মা।
মামলায় ধর্ষণে প্ররোচনার অভিযোগে মাসুমের মা নূরজাহান, বোন ফরিদা এবং ফরিদার স্বামী আবুল খায়েরকেও আসামি করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদা জানান, আদালত ১৩ জনের সাক্ষ্য নিয়ে মাসুমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজার রায় দেন।
তবে প্ররোচনার অভিযোগ প্রমাণিত না হওয়ায়া বাকিদের খালাস দেন বিচারক।
