রাজউক কর্মকর্তাদের তথ্য দিতে বললেন গোলাম রহমান
রাজউক কর্মকর্তাদের তথ্য সরবরাহের আহ্বান জানিয়ে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান বলেছেন, প্রথাগত ধ্যান-ধারণা থেকে বের হয়ে জনগণের অংশদারিত্বে কাজ করতে হবে।
বৃহস্পতিবার রাজউকের সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন নিয়ে আয়োজিত আলোচনায় তিনি বলেন, জনগণ সেবা দাতাদের কাছ থেকে তথ্য নিয়ে সেই তথ্য কাজে লাগিয়ে জীবনের মানোন্নয়ন করে। তাই সেবা দাতাদের স্ব-প্রণোদিত হয়ে তথ্য সরবরাহ করতে হবে।
“বাংলাদেশের সংবিধানে জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করা হয়েছে। এই অধিকারকে আরও শক্তিশালী করতে তথ্য অধিকার আইন করা হয়েছে।”
অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী বলেন, তথ্য অধিকার আইনের মূল দর্শন হলো স্বচ্ছতা। স্বচ্ছতার সাথে ন্যায়ভিত্তিক কাজ করলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতি কমবে, তথ্য সরবরাহ করতেও কোনো সমস্যা হবে না। অন্যদিকে তথ্য সরবরাহ করতে অপরগতা প্রকাশ করলে বোঝা যাবে কাজের মধ্যে স্বচ্ছতা নেই।
রাজউকের কাজে স্বচ্ছতা আনতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, রাজউকে সেবা গ্রহীতাদের সেবা ত্বরান্বিত করতে তাদের বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সপ্তাহের প্রতি সোমবার গণশুনানি গ্রহণ, অটোমেশন ব্যবস্থা চালু, কাস্টমার সেটিসফেকশন ফিডব্যাক চালু, অনলাইনে ভূমি ব্যবহার ছাড়পত্র প্রদান ইত্যাদি।
অনুষ্ঠানে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, রাজউকের সদস্য মো. আকতার উজ জামান বক্তব্য রাখেন। রাজউক সদস্য মো. আবদুর রহমান, মো. আসমাউল হোসেন, জিয়াউল হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
