২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত এক শিশুর সূত্রে মিলল ১৭ শিশুর খবর

অপহৃত একটি শিশুকে খুঁজতে গিয়ে এক অপহরণকারী চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 08:12 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

একটি চক্রটি ১৭টি শিশুকে অপহরণ করেছে বলে র‌্যাবের ভাষ‌্য; এর মধ‌্যে দুটি শিশুকে হত‌্যার কথাও তারা স্বীকার করেছে বলে বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গল ও বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জে টানা অভিযানে এই চক্রের ছয়জন গ্রেপ্তার হয়েছেন। তারা শিশু অপহরণ করে মুক্তিপণ আদায় এবং পাচারে জড়িত বলে র‌্যাব জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ‌্যে রয়েছেন দলনেতা মো. জাকির হোসেন (৫৫) ও তার স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেছা (৪০), দলের সদস‌্য মো. টিটু (২৯), মোহাম্মদ হোসেন সাগর ওরফে বেলু ওরফে দেলু (২২), জেসমিন বেগম (৩৭) ও আসলাম ওরফে আলামিন (২৮)।

তাদের কাছে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল, দুটি চাকু, একটি চাপাতি, একহাজার ২০টি ইয়াবা, অপহৃত শিশুদের অজ্ঞান করার জন্য ব্যবহৃত ২৩টি চেতনানাশক ইনজেকশন, দুটি ব্যবহৃত ইনজেকশন, ১৪টি সিরিঞ্জ এবং ১৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

অভিযান এবং গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ‌্য নিয়ে বৃহস্পতিবার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসের বাহিনীর পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান।

তিনি জানান, নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গত বছরের ২৭ ডিসেম্বর অপহৃত আট বছর বয়সী একটি শিশুকে উদ্ধারে তৎপরতায় নেমে এই চক্রের সন্ধান পাওয়া যায়।

অপহরণের পর ওই শিশুর পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছিল। অভিযোগ পেয়ে র‌্যাব-১১ বিভিন্ন এলাকায় অভিযানে নামে।

তখন অপহরণকারীরা নিরুপায় হয়ে গত ১৮ জানুয়ারি ওই শিশুটিকে চিটাগাং রোড এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় বলে মুফতি মাহমুদ জানান।

তিনি বলেন, “ র‌্যাব ওই শিশুটির দেওয়া বেশ কিছু তথ্য নিয়ে অনুসন্ধানে নামে এবং জাকির গ্রুপের সন্ধান পায়।”

র‌্যাব মুখপাত্র বলেন, তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা গত দুই বছরে বায়েজিদ ছাড়াও তারা ১৭টি শিশুকে অপহরণের কথা স্বীকার করেছে। শিশুকে অপহরণের পর তারা শিশুদের তাচেতন করতে ওষুধ প্রয়োগ করত।

“বায়েজিদকে অপহরণ এবং ছেড়ে দেওয়ার সময়ের মধ্যে চেতনানাশক অতিরিক্ত ডোজের কারণে আকাশ ও নাজমুল নামে দুই শিশু মারা যায়। তাদের কাচপুর সেতুর উপর থেকে নদীতে ফেলে দিয়েছিল,” বলেন মুফতি মাহমুদ।

তিনি বলেন, “আমরা লাশ দুটি এবং তাদের পূর্ণাঙ্গ পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি।”

অপহরণকারীদের উদ্ধৃতি দিয়ে র‌্যাব মুখপাত্র বলেন, ১৭ শিশুর মধ্যে তারা আটজনকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে এবং ছয়জনকে বিদেশে পাচার করেছে।

মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া শিশুগুলোর তিনটি বরিশালের, একটি ঝালকাঠির, একটি ভোলার, একটি ফরিদপুরের, একটি ঢাকার এবং একটি গাজীপুরের।

বরিশালের আলামিন (৮), শুভ (৭) ও ইমন (১৪) নামে তিনটি শিশুকে বিদেশে পাচার করা হয়েছে বলে র‌্যাব জেনেছে। পাচার হওয়া অন্য তিনটি শিশু হৃদয় (৮), সুমন (৬) ও আনন্দের (৭) ঠিকানা পাওয়া যায়নি।

যেভাবে অপহরণ

এই অপহরণকারী চক্র রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, নারায়ণগঞ্জ, চিটাগাং রোডে বাসস্ট্যান্ড, কমলাপুর রেলস্টেশন এবং ঢাকার সদরঘাট এলাকায় মাইক্রোবাস নিয়ে ঘুরে বেড়াত বলে র‌্যাব জানায়।

“কোনো শিশু পরিবার হতে সামান্য বিচ্ছিন্ন হতে দেখলেই চেতনা নাশক ওষুধ প্রয়োগ করে মাইক্রোবাসে তুলে ফেলে,” বলেন মুফতি মাহমুদ।

তিনি বলেন, অপহরণের পর দলনেতা জাকিরের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসায় নিয়ে শিশুকে আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। মুক্তিপণের বিষয়ে সে রকম সাড়া না পেলে বিদেশে পাচার করে দেয়।

বিদেশে পাচারের উদ্দেশ্যে তারা শাহাবুদ্দিন নামে ওমান প্রবাসী এক ব্যক্তির সাথে নিয়মিত যোগাযোগ রাখে বলে জানান র‌্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ।

এক্ষেত্রে তারা ৩ থেকে ৫ লাখ করে টাকা পায় বলে তার ভাষ‌্য।

এই অর্থের ভাগাভাগি নিয়ে তাদের দ্বন্দ্বের খবরও জেনেছে র‌্যাব।

“সম্প্রতি অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে নিজ গ্রুপের হাতে জাহিদ এবং জুয়েল ওরফে জাবেদ নামে দুজন খুন হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা,” বলেন মুফতি মাহমুদ।