জুনের মধ্যে ১২ হাজার শিক্ষক-কর্মচারীর অবসর ভাতা: শিক্ষামন্ত্রী
আগামী জুন মাসের মধ্যে ১২ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসরভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সংসদে সরকারি দলের পঞ্চানন বিশ্বাসের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “অবসর সুবিধা বোর্ডে বর্তমান ৩৭ হাজার ৪৯০টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। এগুলো নিষ্পন্নের জন্য প্রয়োজন প্রায় এক হাজার ৯৯১ কোটি টাকা।
“এসব নিষ্পন্ন আবেদনের মধ্যে আগামী জুন মাসের মধ্যে ১২ হাজার শিক্ষক-কর্মচারীর হাতে তাদের পাওনা তুলে দেওয়ার বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।”
শিক্ষামন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত (৮ বছরে) ৫১ হাজার ৮৭৪ জনকে মোট ২ হাজার ৬৩ কোটি ৫০ লাখ, ৬৩ হাজার ৮৮৮ টাকা পরিশোধ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
দিলারা বেগমের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০১৬ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের যাচাই ৭৩৪টি সনদের মধ্যে ২৪৭টি ভুয়া হিসেবে চিহ্নিত হয়।
সংরক্ষিত আসনের লায়লা আরজুমান বানুর প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমানে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের ১৭ হাজার ৬১৫টি এবং সহকারী শিক্ষকের ২৭ হাজার ৩৮৮টি পদ শূন্য রয়েছে।”
