দেশের রাজনীতিতে থাকতে পারবেন প্রবাসীরা: আইনমন্ত্রী
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের দেশের রাজনীতি ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
খসড়া ‘নাগরিকত্ব আইন-২০১৬’ নিয়ে বৃহস্পতিবার সেন্টার ফর এনআরবি আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি এই আইনের খসড়া এরই মধ্যে মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। আইনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে। এরপর আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় যাবে। সেখানে অনুমোদন পেলে সংসদে যাবে।
প্রস্তাবিত এই আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে এরই মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। আপত্তি এসেছে প্রবাসীদের কাছ থেকেও।
প্রস্তাবিত আইনের ধারা ৭ (২) তে বলা হয়েছে, প্রবাসী নাগরিকরা স্থানীয় সরকার বা যে কোনো পদে নির্বাচন করতে পারবেন না। কোনো রাজনৈতিক সংগঠন করতে পারবেন না।
চূড়ান্ত হওয়ার আগে এই ধারাটি পরিবর্তন করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, “তারা (প্রবাসী) স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন এবং রাজনৈতিক সংগঠনও করতে পারবেন।”
প্রস্তাবিত আইনের ৫(২) ধারায় দুই বছরের মধ্যে জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতা ছিল।
“আমরা ভেটিংয়ের সময় এই সিদ্ধান্ত নিয়েছি যে, নিবন্ধন করার জন্য কোন সময় থাকবে না। নিবন্ধন করতে হবে, কিন্তু কোনো সময় বেঁধে দেওয়া হবে না,” বলেন আনিসুল হক।
তিনি বলেন, “আরেকটা কথা ছিল, তার পিতা মাতা তার জন্মগ্রহণকালে বাংলাদেশ সরকারের অধীন/প্রেষণে/লিয়েনে অন্যত্র চাকরিতে নিয়োজিত না থাকেন, সেটা বংশসূত্রে নাগরিকত্ব অর্জনে একটা বাধা হিসাবে ছিল, সেটাকেও রিমুভ করেছি।”
নতুন আইনটি নাগরিক-বান্ধব ও প্রবাসী-বান্ধব করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের অধিকার সুরক্ষার পরিপন্থি কিছু থাকলে সেগুলো বাদ দেওয়া হবে।
সার্কভূক্ত দেশগুলোর মধ্যে দ্বৈত নাগরিকত্বে অনুমোদন না রাখার বিষয়ে তিনি বলেন, সার্ক সনদে এ বিষয়ে একটি বিধিনিষেধ ছিল।
“আমরা যেহেতু একটা আন্তর্জাতিক চুক্তিতে বলেছি, এ রকম কিছু আমরা উৎসাহ দেব না। সে কারণেই এটা করা হয়েছে।”
অনুষ্ঠানে আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেন, “এই আইনের উদ্দেশ্য কী? কোন সমস্যা সমাধানের জন্য এই আইন করা হচ্ছে। আমরা কি দুই স্তরের জাতীয়তা গড়ার চেষ্টা করছি?
“বাংলাদেশের প্রবাসীরা যেখানকার পাসপোর্টই ব্যবহার করেন না কেন, তাদের মন এখানেই পড়ে থাকে। পাসপোর্ট এখন একটা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া আর কিছু নয়।”
সুপ্রিম কোর্টের আইনজীবী তানিম হোসাইন শাওন প্রস্তাবিত আইনটি সরকারি কোনো ওয়েবসাইটে না রাখার সমালোচনা করেন।
“তাই যে ড্রাফট ধরে এই আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলো আসলেই আইনে রয়েছে কি না, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। অবিলম্বে খসড়াটি পাবলিক ডোমেইনে দেওয়া উচিৎ।”
“আপাতত বলবৎ অন্য কোনো আইন, আইনগত দলিল, রায়, ডিক্রি ইত্যাদিতে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে”- প্রস্তাবিত আইনের এই ধারা নিয়েও সমালোচনার করেন আইনজীবী শাওন।
“এই আইনে আদালতের রায়কেও ওভাররাইট করা হয়েছে। বাংলাদেশে এর কোনো নজির নেই।”
আইনজীবী শাহদীন মালিকও বলেন, “এই আইনের প্রত্যেকটা ধারায় আইনের বেসিক মোশনের ব্যত্যয় ঘটেছে। এটি একটি ওর্স্ট ড্রাফ্টেড ল।”
তিনি বলেন, “প্রবাসীরা যে দেশের নাগরিক হবেন, সেই দেশে দ্বৈত নাগরিকত্বে অনুমোদন না থাকলে তারা যদি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন, তাহলে তাদের সম্পদের কী হবে? এদের অর্থনৈতিক অধিকার যাতে ঠিক থাকে, সে জন্য একটি ধারা রাখা যেতে পারে।”
যুক্তরাষ্ট্র প্রবাসী মায়া নেহান বলেন, “আমরা এখন চার প্রজন্ম যুক্তরাষ্ট্রে বাস করছি। এই ধরনের একটি আইন আমাদের জন্য বেশ উদ্বেগের।”
যুক্তরাজ্য প্রবাসী মনোয়াউর এইচ মইনুল মনে করেন, এই আইনটি বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের নিরুৎসাহিত করবে।
“আমাদের এখন প্রশ্ন জাগছে, এ রকম একটা ব্যবসা বান্ধব সরকার কেন এই ধরনের জটিল একটা আইন করছে।”
