২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষণ দিতে একজোট ডেটল-চ্যানেল আই

পঞ্চাশ লাখ মানুষকে ২০২০ সালের মধ্যে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ দিতে চ্যানেল আইয়ের সঙ্গে মিলে একটি কর্মসূচি হাতে নিয়েছে আন্টিস্যাপ্টিক ব্র্যান্ড ডেটল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 04:57 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ডেটল-চ্যানেল আই পরিচ্ছন্ন বাংলাদেশ’ নামের এই কর্মসূচির ঘোষণা দেন ডেটল উৎপাদনকারী প্রতিষ্ঠান রেকিট বেনকিজারের বাংলাদেশের মুখপাত্র সৈয়দ তামজিম রেজওয়ান।

তিনি বলেন, “এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা নতুন মা ও শিশু এবং বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণদের স্বাস্থ্য-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করব। ২০২০ সালের মধ্যে ৫০ লাখ মানুষকে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

“যাদের কাছে আমরা যেতে পারব না তাদের জন্য আমরা ওয়েবসাইটভিত্তিক একটি কারিকুলাম ‘ই-মডিউল’ তৈরি করেছি, যেখানে ঘর-বাড়ি, বিদ্যালয় ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায় নিয়ে তৈরি পাঠ দেওয়া থাকবে।”

এছাড়াও গর্ভকালীন ও পরবর্তী মায়েদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে একটি মোবাইল মডিউল তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়া, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও রেকিট বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্তা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “আমাদের জাতির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপক অভাব রয়েছে, আমাদের রয়েছে প্রকট আলস্য। দেশের ৯০ ভাগ মানুষই শারীরিক অক্ষমতায় ভুগছে।

“আমাদের নদীর পানি আজকে দূষিত, আমাদের রাস্তাঘাট, ফুটপাত সমস্ত দখল হয়ে আছে, আমাদের পার্ক নেই, মাঠ নেই, হাঁটার জায়গা নেই। শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয় এসব কিছু নিয়েই ভাবতে হবে।”

বিপিএমপিএ সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান বলেন, রান্না করা ও বাচ্চাকে নেওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিলেই ডায়রিয়া রোগ অনেক কমে যাবে।

নিজ ঘরবাড়ি ও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে সবাইকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার আহ্বান জানান বিশাল গুপ্তা।

এই ক্যাম্পেইনকে সফল করতে আগামী চার বছরে ডেটল বাংলাদেশের কর্মীদের নিজেদের সময় থেকে এক লাখ ঘণ্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।