২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবু সিইসি নিয়ে মন্তব্যে টিভি সঞ্চালকের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

টেলিভিশন টকশোর আলোচনায় হবু প্রধান নির্বাচন কমিশনারকে ‘গোপাল’ বলে সম্বোধন করায় এসএ টিভির সঞ্চালকের বিরুদ্ধে আদালতে মানহানি মামলার আবেদন করেছেন এক আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 03:16 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বৃহস্পতিবার এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ ও উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে মানহানি মামলার অনুমতি চেয়ে এ আবেদন করা হয়।

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক মো. বাহালুল আলম বাহার এই আবেদন করেন।

মহানগর হাকিম আবু সাঈদ তার জবানবন্দি নিয়েছেন জানিয়ে আইনজীবী বাহালুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।”

আবেদনে বলা হয়, ৬ ফেব্রুয়ারি রাতে এসএ টিভিতে লেট এডিশনে ‘নতুন নির্বাচন কমিশনার গোপাল, কী আছে জাতির কপালে,’- এই মন্তব্য করেন উপস্থাপক ফয়সাল আল মাহমুদ।

অনুষ্ঠানের অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ মাহমুদ চৌধুরী ও বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। দুজনই এর প্রতিবাদ করেন, তবে ওই মন্তব্য প্রত্যাহার করা হয়নি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর গঠিত সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের তালিকা থেকে পাঁচজনকে নিয়ে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পর নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন রাষ্ট্রপতি।

এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে রাষ্ট্রপতির নিয়োগ পান সাবেক আমলা কে এম নুরুল হুদা।