বসুন্ধরা চেয়ারম্যানের দুর্নীতির মামলায় শুনানি পিছিয়েছে
বসুন্ধরা গ্রুপের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সাব্বির আহমেদ হত্যা মামলার আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকার ঘুষ সংক্রান্ত দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে আগামী ১২ মার্চ ধার্য করেছে আদালত।
বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার শুনানি শেষে সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন।
মামলার আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম আদালতে উপস্থিত হতে না পারায় সময় আবেদন করা হয়।
মামলাটিতে ২০০৮ সালের ১৪ জুলাই প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক।
অভিযোগ গঠনের সময় আসামি শাহ আলম ও তার দুই ছেলে সাফিয়াত সোবহান এবং সাদাত সোবহান পলাতক ছিলেন।
শুনানির সময় কারাগারে থাকা একমাত্র আসামি লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ।
মামলার অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পলাতক। এ ছাড়া আসামি তারেক রহমানের পিএস মিয়া নুর উদ্দিন অপু, আবু সুফিয়ান, কাজী সলিমুল হক কামালও এ মামলার আসামি।
২০০৭ সালের ৪ অক্টোবর মামলাটি দায়ের করে দুদক। মামলাটিতে ২০০৮ সালের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ওই বছর ১৪ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সাব্বির হত্যা মামলার ঘটনা ধামাচাপা দিতে তারেক, বাবর ও শাহ আলমের মধ্যে বাবরের বেইলি রোডের সরকারি বাসায় একটি বৈঠক হয়। বৈঠকে শাহ আলমের কাছে ১০০ কোটি টাকা দাবি করেন তারেক ও বাবর। ৫০ কোটি টাকার বিনিময়ে এই হত্যা রহস্য ধামাচাপা দেওয়ার জন্য তারেক ও বাবরের সঙ্গে আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের চুক্তি হয়।
চুক্তি অনুসারে শাহ আলমের কাছ থেকে বাবর ২১ কোটি টাকা গ্রহণ করেন।
টাকার মধ্যে বাবরের নির্দেশে বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ২০০৬ সালের ২০ আগস্ট হওয়া ভবনে এক কোটি টাকা তারেকের পিএস অপুকে বুঝিয়ে দেন। বাবর পাঁচ কোটি টাকা আবু সুফিয়ানের মাধ্যমে নগদ গ্রহণ করে কাজী সালিমুল হক কামালের কাছে জমা রাখেন।
বাকি ১৫ কোটি টাকা বাবরের নির্দেশে আবু সুফিয়ান প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখায় সালিমুল হক কামালকে ২০টি চেকের মাধ্যমে দেন।
