২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বিটিভির অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন ‘দূরদর্শনের’ মাধ্যমে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্র্রীয় সম্প্রচার সংস্থা বিটিভির অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 06:05 PM

Updated : 19 Aug 2022, 03:43 PM

বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে ইনু বলেন, “ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় দূরদর্শনের একটি চ্যানেলে ‘ডিটিএইচ’ প্রযুক্তির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান প্রচারের বিষয়ে তার সম্মতি পাওয়া গেছে।”

“সেই অনুযায়ী দূরদর্শন ও বিটিভির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

জাতীয় পার্টির সালমা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের টিভি চ্যানেলের বিষয়ে ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটররা এই বিষয়ে আগ্রহী হচ্ছে না।”

উচ্চ মাত্রায় ডাউনলিংক ফির বিষয়টি ভারতের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে জানিয়ে ইনু বলেন, “এছাড়া বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর টিভি চ্যানেলগুলো যাতে সহজে ভারতে সম্প্রচার করা যায়, সেইলক্ষ্যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্ক ফোরামে উত্থাপনের উদ্যোগ অব্যাহত রয়েছে।”

জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “নবগঠিত ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকের নাম তালিকাভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

রেজাউল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ইনু বলেন, “বর্তমানে অনলাইন ভিত্তিক পত্রিকার পূর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই। তথ্য মন্ত্রণালয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। নীতিমালাটি প্রণীত হলে সব অনলাইনভিত্তিক গণমাধ্যম বাধ্যতামূলক নিবন্ধন কার্যক্রমের আওতায় আসবে।”

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তথ্য মন্ত্রণালয়ে এখন পর্যন্ত এক হাজার ৯২৫টি অনলাইন পত্রিকা, অনলাইন টিভি ও অনলাইন রেডিওর নিবন্ধনের জন্য আবেদন পাওয়া গেছে।

মন্ত্রী আরও জানান, তথ্য অধিদপ্তরের নিবন্ধনের জন্য আবেদনের হিসাব অনুযায়ী এক হাজার ৭৩২টি অনলাইন পত্রিকা, ১৫৯টি অনলাইন টিভি চ্যানেল এবং ৩৪টি অনলাইন রেডিও রয়েছে।