৫ জানুয়ারি ভোট না হলে দেশের এই চেহারা থাকত না: বিদায়ী কমিশনার হাফিজ
যে নির্বাচন নিয়ে প্রশ্ন দেশ ছাপিয়ে বিদেশেও সেই ৫ জানুয়ারি ভোট করতে পারাকেই সফলতা মানছেন বিদায়ী নির্বাচন কমিশনার আবু হাফিজ।
“আজকে যে পিসফুল বাংলাদেশ দেখছেন, সেটা কিন্তু ৫ জানুয়ারি নির্বাচনের আউটকাম। ওই নির্বাচন যদি না হতো তাহলে এই বাংলাদেশের চেহারা দেখতেন না,” বলছেন তিনি।
পাঁচ বছর সাংবিধানিক সংস্থাটিতে দায়িত্ব পালনের পর বিদায়ের ঠিক আগ মুহূর্তে নিজেদের মেয়াদের গুরুত্বপূর্ণ সময়টি নিয়ে একথা মঙ্গলবার সাংবাদিকদের বলেন আবু হাফিজ।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সহিংস আন্দোলন এবং অধিকাংশ দলের বর্জনের মধ্যে অভিযোগবিদ্ধ ওই ভোটেই টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন এখন আওয়ামী লীগ।
সব দলকে ভোটে আনতে না পারার জন্য কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন এই কমিশনের ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন ইসিতে তাদের পূর্বসূরি সিইসি এটিএম শামসুল হুদাও।
আবু হাফিজ বলেন, “এটা আমাদের একটা স্যাটিসফিকশন। অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে, সাহসের সঙ্গে আমরা ওই নির্বাচন করতে পেরেছিলাম।”
এমন সহিংসতার মাঝে হয় ৫ জানুয়ারির নির্বাচন
বিদায়ের আগে আবু হাফিজের মতো নির্ভার অন্য নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, মোহাম্মদ জাবেদ আলীরও। সিইসি কাজী রকিবকেও দেখা গেছে ফুরফুরে মেজাজে।
এই তিনজন ৮ ফেব্রুয়ারি বিদায় নিতে চললেও তাদের অন্য সহকর্মী মো. শাহনেওয়াজ বিদায় নেবেন আগামী ১৪ ফেব্রুয়ারি।
তারপর দিন ১৫ ফেব্রুয়ারি শপথ নেবেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন দ্বাদশ নির্বাচন কমিশন। যার সদস্য হিসেবে রয়েছেন- রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদাৎ হোসেন চৌধুরী।
এবারের মতোই সার্চ কমিটির মাধ্যমেই ২০১২ সালে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ পেয়েছিলেন কাজী রকিবরা।
বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় সংবর্ধনা দেবে ইসি। তার আগের দিন মঙ্গলবার নিয়োগকর্তা প্রতিষ্ঠানে বর্তমানে ক্ষমতাসীন মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেন তারা। তার আগে যান সাভারে স্মৃতিসৌধে ফুল দিতে।
চড়াই-উৎরাইয়ের ৫ বছরে সংলাপ আয়োজন, সিটি করপোরেশন নির্বাচন, দশম সংসদ নির্বাচন, আইনি সংস্কার, উপজেলা পরিষদ, পৌরসভা নির্বাচন, দীর্ঘদিন পর ঢাকা সিটি ভোট, স্মার্টকার্ড বিতরণ, ইউপি নির্বাচন, প্রথমবারের মতো জেলা পরিষদ ও উপজেলা সংরক্ষিত মহিলা সদস্যের ভোট, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন করেছে বর্তমান কমিশন।
তবে সব কিছু ছাপিয়ে তাদের মেয়াদের দশম সংসদ নির্বাচনই থাকবে ইতিহাসের আলোচনায়।
‘সরকারের আজ্ঞাবহ’ কিংবা ‘মেরুদণ্ডহীন’ এরকম সমালোচনার মধ্যেও নিজেদের বিদায়পর্বটি ‘সুখকর’ বলে মনে করছেন এই কমিশনের সদস্যরা।
২০১২ সালে কাজী রকিবের শপথ গ্রহণ
সিইসি কাজী রকিব ইতোধ্যে বলেছেন, তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের। যা করেছেন, তার বিচার করবে জনগণ।
সাবেক সেনা কর্মকর্তা জাবেদ আলী নিজেদের মূল্যায়ন করছেন এভাবে- “জাতির প্রত্যাশা অনেক বড়। অনেক বেশি। আমাদের উপরে যে দায়িত্ব ছিল তা যথাযথ ভাবে সম্পন্ন করে জাতিকে খুশি করাই ছিল আমাদের কাজ। আমরা কতটুকু পেরেছি। তা আজ থেকে দুই-তিন বছর পরে তা মূল্যায়ন হবে যে আমরা কী করে গেলাম।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় সংবিধান, আইন ও নির্বাচনী বিধি-বিধানকে সমুন্নত রেখে পুরো মেয়াদ পার করেছেন বলেও উল্লেখ করেন জাবেদ আলী।
“পাঁচ বছর খুব সুন্দর ও সহজেই চলে গেল। রাষ্ট্র যে দায়িত্ব দিয়েছিল, তা যথাযথভাবে পালন করেছি। যতটুকু দেওয়া সম্ভব, তা দেওয়ার চেষ্টা করেছি। এ জন্য নিজেকে হালকা হালকা লাগছে,” বলেন তিনি।
নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক ৫ বছরের মূল্যায়ন ‘আলহামদুলিল্লাহ’ বলার মধ্যেই সীমাবদ্ধ রাখছেন। তবে
বিদায়ের পর সার্বিক বিষয়ে কথা বলার আগ্রহ রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাতে কাজী রকিব উদ্দীন নেতৃত্বাধীন কমিশনের সদস্যরা
‘দুর্ভাগ্য ছিল সঙ্গী’
নির্বাচন কমিশনের সফল হওয়ার ক্ষেত্রে দেশের রাজনৈতিক দলগুলো, আদালত এবং গণমাধ্যমের পরিপূর্ণ সহযোগিতা পাওয়ার উপর জোর দিচ্ছেন বিদায়ী কমিশনার জাবেদ আলী ও আবু হাফিজ।
নিজেদের দায়িত্ব পালনের সময় তার ঘাটতি ছিল বলে দুজনের কথায়ই প্রকাশ ঘটছে।
স্মৃতির পাতা হাতড়ে জাবেদ আলী বলেন, “মহামান্য রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করে আমাদের নিয়োগ দিলেন। শপথ নেওয়ার পরদিন থেকে জোটবদ্ধ হয়ে আরও কারও সমালোচনা ইসির ইতিহাসে আর হয়নি। দুর্ভাগ্য আমাদের।”
তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “সংলাপে ডাকলাম আমরা; এখানে এসে আমাদের উদ্দেশ্যে বলা হল- আপনারা হয়ত চোখের জলে, নয়নের জলে এখন থেকে যাবেন।
“ওই দিন আমাদের কী অপরাধ ছিল সেটা আমরা বলতে পারছি না। আল্লাহর অশেষ রহমত আমরা ফুরফুরা মন নিয়ে যাচ্ছি। আমরা চোখের জলে, নয়নের জলে ভাসিনি।”
সবশেষ সংবাদ সম্মেলনে চার কমিশনারকে নিয়ে কাজী রকিবউদ্দীন আহমদ
ভারতের উদাহরণ দিয়ে জাবেদ আলী বলেন, “ভারতের সাবেক সিইসি বাংলাদেশে এসেছিলেন। তিনি যে তিনটি পয়েন্ট বলেছিলেন আমি তা উল্লেখ করছি- যেটা দেশের জন্য ভালো হবে।
“উনি বলেছেন- ভারতের মিডিয়া এমন কোনো খবর দেবে না, যে খবরে কমিশনের কোনো ভাবমূর্তির ক্ষুন্ন হয়; প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য বলে ওন (ধারণ) করে এবং ওই দেশের আদালত নির্বাচন কমিশনের অভিভাবক হিসেবে কাজ করেন।”
আবু হাফিজও ভারতের নির্বাচন কমিশনের প্রসঙ্গ টেনে বলেন, “ভারতে রাজনৈতিক দলগুলো মনে করে, এই নির্বাচন কমিশন আমাদের। মিডিয়া তাদের সঙ্গে বন্ধুভাবাপন্ন ব্যবহার করে। আদালত তাদের অভিভাবকের ভূমিকা পালন করে। আমাদের দেশে এখনও সেই পরিস্থিত সৃষ্টি হয়নি।”
পাঁচ বছরের দায়িত্ব পালনে কাউকে বিশেষ সুযোগ দেননি বলে দাবি করেন আবু হাফিজ।
“আমরা স্বচ্ছ-নিরপেক্ষ-অবাধ নির্বাচনের জন্য কমিটেড ছিলাম। কেউ আমাদের প্রভাবিত করতে পারেনি। না সরকার, না অপজিশন। কারও দ্বারা প্রভাবিত হইনি। কাউকে বিশেষ সুযোগ দেওয়ার চেষ্টা করিনি।”
“আমাদের ৫ বছরে বাইর বা ভিতরের কোনো চাপ ছাড়া কাজ করেছি,” বলেন জাবেদ আলী।
সমালোচনার বিষয়ে আবু হাফিজ বলেন, “সততার সাথে দায়িত্ব পালন করেছি। হয়ত অনেকের এটা নিয়ে সমালোচনা আছে। সব কাজেরই সমালোচনা থাকবে।”
উত্তরসূরিদের সাফল্য কামনা করে তিনি বলেন, “আমরা যদি তিনটি বিষয়ের প্রতি খেয়াল রাখি তাহলে অবশ্যই আমাদের কমিশন বা পরবর্তী কমিশন ভারতের মতোই দৃষ্টান্ত বা কাজ করতে সক্ষম হবে।”
