স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়েছে সাড়ে ৭ লাখ
পাঁচ মাস আগে বিতরণ শুরুর পর এই পর্যন্ত ৭ লাখ ৪৮ হাজার ৪২২ জন নাগরিক স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।
আনিসুল হক জানান, ঢাকা মহানগরীর ১০টি থানা নির্বাচন অফিস ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার জনগণের মধ্যে সাত লাখ ৪৮ হাজার ৪২২ জন নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট কার্ড বিতরণ চলছে। দ্বিতীয় পর্যায়ে দেশের অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।
পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী।
১ জানুয়ারি থেকে শুরু হয়ে এক মার্চ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশেনের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ চলবে।
ঢাকা উত্তরের ৪, ৭, ১১, ১২ ও ২২ নম্বর ওয়ার্ডে এবং দক্ষিণের ২, ৩, ৪, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৪, ১৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে বিতরণ চলবে।
গত ৩ অক্টোবর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়।
